'ডিআরএস থাকা উচিত আম্পায়ারের হাতে'
অ্যাশেজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ব্র্যাড হ্যাডিন বললেন, এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা উচিত শুধু আম্পায়ারের হাতে।
ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের চেয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যালিস্টার কুক ডিআরএস প্রযুক্তির কৌশলী ব্যবহার করেছেন। ক্লার্ক পরে স্বীকার করেছেন এ প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে তার আরো কাজ করতে হবে।
ক্লার্কের ডেপুটি হ্যাডিন বলেন, “ব্যাক্তিগতভাবে আমি মনে করি, আম্পায়ারদের প্রযুক্তি ব্যবহারের অধিকার থাকা উচিত। সত্যিকার অর্থে খেলোয়াড়দের হাতে তা থাকার কোনো প্রয়োজনই আমি দেখি না।”
তবে সুযোগ যখন আছে তখন তা ব্যবহারের প্রতিই জোর দেন তিনি।
প্রথম টেস্টে ইংল্যাস্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যান ব্রড স্লিপে ধরা পড়লেও আম্পায়ার আলিম দার তা বুঝতে না পেরে আউট দেননি। যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায়- ওটা আউট ছিল। কিন্তু দুটি রিভিউ শেষ করে ফেলায় যাওয়ায় ক্লার্ক তৃতীয় আম্পায়ারের কাছে যেতে পারেননি।
প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ডিআরএস সঠিকভাবে ব্যবহারের আশা প্রকাশ করে হ্যাডিন বলেন, “ভুল সংশোধন করতেই এর আগমন, উভয় দলের জন্যই যা সমান সুযোগ তৈরি করে। কিন্তু আমরা এর যথার্থ ব্যবহার করতে পারিনি। এটাই মূল কথা। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের আবেগকে দুরে সরিয়ে রাখতে হবে।”
“যদি আপনি মনে করেন ওটা আউট ছিল তাহলে চ্যালেঞ্জ করুন। এই টেস্টে যা আমরা ঠিকভাবে করতে পারিনি”, যোগ করেন তিনি।
ব্রড নিজে থেকে সাজঘরে ফেরত না যাওয়ায় অনেকের সমালোচনার মুখে পড়লেও হাডিন মনে করেন তিনি কোনো ভুল করেননি।
“স্টুয়ার্ট ব্রডের আচরণে আমি কোনো ভুল দেখছি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য ওখানে আম্পায়ার ছিল এবং সবার চেয়ে তিনিই তা ভালোভাবে দেখেছেন।”
অস্ট্রেলিয়াকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দেয়া হাডিন কিন্তু নিজেও আউট হয়েছেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে। নিজের আউট প্রসঙ্গে হ্যাডিন বলেন, তিনি জানতেন যে বলটি তার ব্যাটের কানায় লেগেছে। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন তিনি।
ট্রেন্ট ব্রিজের কঠিন লড়াইয়ের ম্যাচে ১৪ রানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
