২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি দল

ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 12:41 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু এই স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লার স্টেডিয়ামটিকে প্রস্তুত রাখছে বিসিবি। অগাস্টে তৃতীয় ও শেষবারের মতো ভেন্যু পরিদর্শন করবে আইসিসি প্রতিনিধি দল। সে সময়ই ভেন্যুর ভাগ্য নির্ধারিত হবে। বিশ্বকাপের জন্য সেপ্টেম্বরে আইসিসিকে সবক’টি স্টেডিয়াম বুঝিয়ে দিতে হবে বিসিবিকে।

শনিবার দুপুরে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম, গ্রাউন্ডস ও ফিল্ডের জাতীয় ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন প্রমুখ।

সিলেট স্টেডিয়াম প্রস্তুত না হলে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ৮টি ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হতে পারে।

পরিদর্শন শেষে নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, “বিকল্প ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামকে প্রস্তুত করতে এখনো কিছু কাজ বাকি। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করার ব্যাপারে আমি আশাবাদী।”