ইংল্যান্ডের সামনে জয়ের হাতছানি
জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩৭ রান, আর ইংল্যান্ডের চার উইকেট। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের শেষ দিনে এই সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শনিবার ৩১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৭৪ রান।
কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয়দের শুরুটা ভালোই হয়েছিল। শেন ওয়াটসন ও ক্রিস রজার্স ৮৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন দলকে। ৪৬ রান করা ওয়াটসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটিটা ভাঙ্গেন স্টুয়ার্ট ব্রড। এরপর চা-বিরতির ঠিক আগে অনিয়মিত স্পিনার জো রুটের বলে স্লিপে এড কাওয়ান (১৪) জোনাথন ট্রটকে ক্যাচ দিলে স্কোর দাঁড়ায় ১১১/২।
চা-বিরতির পর শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ৫২ রান করা রজার্সকে জেমস অ্যান্ডারসন ফেরানোর পর মাইকেল ক্লার্ককে (২৩) আউট করেন ব্রড। স্টিভেন স্মিথ (১৭) ও ফিল হিউজের (০) উইকেট দুটো অফস্পিনার গ্রায়েম সোয়ানের। দুজনই এলবিডব্লিউ।
দিন শেষে ব্র্যাড হ্যাডিন ১১ রানে অপরাজিত। তার সঙ্গে আছেন প্রথম ইনিংসে ব্যাট হাতে রেকর্ড গড়া অ্যাশটন অ্যাগার।
সকালে ৯৫ রান নিয়ে ব্যাট করতে নামা ইয়ান বেলের শতকের দিকে চোখ ছিল স্বাগতিকদের। স্বদেশের মানুষকে হতাশ করেননি এই ডানহাতি ব্যাটসম্যান।
দিনের প্রথম বলটাই ছিল চমক-জাগানো। মিচেল স্টার্কের করা বিমার অফসাইডের অনেক বাইরে দিয়ে চলে যায় মাঠের বাইরে। ‘নো’ বল থেকে ইংল্যান্ডের প্রাপ্তি ৫ রান। পরের বল ‘ডট’। তার পরের বল চার মেরে বেল পৌঁছে যান ৯৯ রানে।
স্টার্কের পরের ওভারে একটি রান নিয়ে টেস্ট-জীবনের অষ্টাদশ এবং অ্যাশেজের দ্বিতীয় শতক পূর্ণ করেন বেল। জেমস প্যাটিনসনের করা তার আগের ওভারে চার মেরে দশম অর্ধশতক পেয়ে যান ৪৭ রান নিয়ে ব্যাট করতে নামা ব্রড।
