২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাচ নাটক: ব্রডকে সমর্থন পিটারসেনের

ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ, কিন্তু কেনো এক কারণে তা চোখ এড়িয়ে গেল বর্তমান সময়ের অন্যতম সেরা আম্পায়ার আলিম দারের। কী করা উচিত ছিল ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের। সাজঘরের পথে হাঁটা? কিন্তু তা না করে ক্রিজেই থেকে গেলেন ব্রড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 06:54 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

ট্রেন্ট ব্রিজে অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন এই ‘ক্যাচ নাটক’ নিয়ে সমালোচনার মুখে ব্রডকে সমর্থন দিচ্ছেন সতীর্থ কেভিন পিটারসেন।

অ্যাশটন অ্যাগারের বলে স্লিপে ক্যাচটি ধরেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। আলিম দার আউট না দেয়ার পর রেফারাল যে চাইবেন সে উপায়ও নেই, কারণ আগেই শেষ করে ফেলেছেন এ ইনিংসের জন্য বরাদ্দ দু’টি রেফারাল। তাই আশা করেছিলেন সততা দেখিয়ে সাজঘরের পথ ধরবেন ব্রড। কিন্তু বিশ্বসেরা আম্পায়ার যখন আউট দেননি, তখন কেন তা করতে যাবেন ব্রড।

মাঠে এ নিয়ে আম্পায়ারের সঙ্গে কথাও বলের ক্লার্ক। আর অবিশ্বাসে মাথা দোলাতে দেখা যায় অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানকে।

এ নাটকের পর ব্রড তৃতীয় দিন ইয়ান বেলের সঙ্গে যোগ করেন আরও ২৯ রান। তাদের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে স্বাগতিকরা।

পরে পিটারসেন সাংবাদিকদের বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার সুযোগ রয়েছে। আপনার তো আম্পায়ারের সিদ্ধান্তকেও সম্মান জানাতে হবে”

“মাঠে প্রত্যেক খেলোয়াড় তার নিজস্ব বিচার বিবেচনায় চলে। গত কয়েক বছর ধরে আলিম দার বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচিত হচ্ছেন। ফলে তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে সম্মান জানানোও উচিত”, যোগ করেন তিনি।

দিন শেষের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পিটার সিডল অবশ্য মৃদু খোচা দিলেও বিষয়টি নিয়ে তেমন কোনো সমালোচনা করেননি।

“মাঠে কয় জনই আর আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে হাঁটতে শুরু করেন। দিন শেষে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং খেলোয়াড়রা তাই মেনে চলেন।”

২০১০ সালের অ্যাডিলেড টেস্টে মাইকেল ক্লার্ক শর্ট লেগে ক্যাচ দেয়ার পরেও আম্পায়ার আউট না দেয়ায় চলে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে সেবার ইংল্যান্ড রেফারাল ব্যবহার করে আম্পায়ার টনি হিলের সিদ্ধান্ত বদলাতে সক্ষম হয়।

পরে তখনকার সহ-অধিনায়ক ক্লাক তার এই কাজের জন্য টুইটারে ক্ষমা চেয়েছিলেন।

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের মতো গুটি কয়েক ক্রিকেটারই কেবল আম্পায়ার আউট না দেবার পরও সাজঘরের দিকে রওনা দেয়ার সততা দেখাতেন।