আইসিসির হল অব ফেমে ওয়ার্ন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে স্থান পাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন।
বৃহস্পতিবার দুবাইয়ের সদরদপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি।
আগামী ১৯ জুলাই লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে ওয়ার্নকে আনুষ্ঠানিকভাবে হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হবে।
১৪৫টি টেস্টে ২৫.৪১ গড়ে ৭০৮টি উইকেট নিয়েছেন এই জাদুকরী বোলার। এশিয়ার বাইরে লেগস্পিনের পুনর্জন্ম ঘটানোর কৃতিত্ব দেয়া হয় তাকে।
টেস্টে ৩ হাজার ১৫৪ রান করেছেন ওয়ার্ন, যা কোনো শতক না করা ক্রিকেটারের জন্য সর্বোচ্চ।
১৯৪টি একদিনের ম্যাচে ২৯৩টি উইকেট নিয়েছেন ১৯৯৯ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের এই সদস্য।
বর্তমানে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে একটি টিভি চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের কাজ করা ওয়ার্ন প্রতিক্রিয়ায় বলেন, “আইসিসির হল অব ফেমে অন্তর্ভূক্তির খবরে আমি অনেক সম্মানিত ও গর্বিত বোধ করছি। আমাকে শুধু বিবেচনা করার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানাচ্ছি।”
“পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে লর্ডসের দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ সম্মান বুঝে নিতে আমি মুখিয়ে আছি,” যোগ করেন তিনি।
ওয়ার্ন হবেন হল অব ফেমের ৬৯তম পুরুষ সদস্য। তার আগে অস্ট্রেলিয়া দলের ১৭ জন এ সম্মান পেয়েছেন।
