২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন্ট ব্রিজে বোলারদের আধিপত্য

পিটার সিডলের মারাত্মক বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২১৫ রানে শেষ করে দিয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলীয়দের সংগ্রহ ৪ উইকেটে ৭৫ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jul 2013, 07:14 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

টস জিতে অ্যাশেজ শুরু করা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।

অস্ট্রেলিয়ার মাটিতে আগের অ্যাশেজে ৭৬৬ রান করে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ছিলেন কুক। কিন্তু এবার মাত্র ১৩ রান করে জেমস প্যাটিনসনের বলে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনকে ক্যাচ দেন তিনি। তাই ২৭ রানেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি।

৫০ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের মূল ‘ঘাতক’ সিডল শিকার শুরু করেন জো রুটকে (৩০) দিয়ে। প্রান্ত বদল করে প্রথম বলেই তিনি বোল্ড করেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রথম খেলতে নামা রুটকে।

দ্বিতীয় সেশনে জোনাথন ট্রট (৪৮), কেভিন পিটারসেন (১৪), ইয়ান বেল (২৫) ও ম্যাট প্রায়রকে (১) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলে দেন সিডল। ২ উইকেটে ১০২ থেকে ৬ উইকেটে ১৮০ রানে পরিণত হয় স্বাগতিকরা।

সিডলের তোপে ৬ উইকেটে ১৮৫ রান নিয়ে চা-বিরতিতে যায় ইংল্যান্ড। তৃতীয় সেশনে মাত্র ৭ ওভার স্থায়ী হয় স্বাগতিকদের প্রথম ইনিংস। বেয়ারস্টো (৩৭) ও স্টিভেন ফিনকে (০) পর-পর দুই বলে ফিরিয়ে দিলেও হ্যাটট্রিক করতে পারেননি মিচেল স্টার্ক। চা-বিরতির পর প্যাটিনসনের শিকার স্টুয়ার্ট ব্রড (২৪) ও গ্রায়েম সোয়ান (১)।

জবাবে দলীয় ২২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে শেন ওয়াটসন (১৩) ও এড কাওয়ানকে (০) ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান স্টিভেন ফিন।

হ্যাটট্রিক ঠেকাতে পারলেও শূন্য রানেই বিদায় নেন অধিনায়ক ক্লার্ক। অ্যান্ডারসনের এক দুর্দান্ত বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ক্রিস রজার্সকেও (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অ্যান্ডারসন।

দিন শেষে স্টিভেন স্মিথ ৩৮ ও ফিল হিউজ ৭ রানে অপরাজিত।

ব্যাট করার সময় কাঁধে চোট পাওয়ায় ব্রড বল করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস
: ২১৫ (কুক ১৩, রুট ৩০, ট্রট ৪৮, পিটারসেন ১৪, বেল ২৫, বেয়ারস্টো ৩৭, প্রায়র ১, ব্রড ২৪, সোয়ান ১, ফিন ০, অ্যান্ডারসন ১*; সিডল ৫/৫০, প্যাটিনসন ৩/৬৯, স্টার্ক ২/৫৪)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৭৫/৪ (ওয়াটসন ১৩, রজার্স ১৬, কাওয়ান ০, ক্লার্ক ০, স্মিথ ৩৮*, হিউজ ৭*; অ্যান্ডারসন ২/২৫, ফিন ২/৩৭)