২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল 'নিশ্চিত' শ্রীলঙ্কার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বলতে গেলে নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 06:09 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মঙ্গলবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অসম্ভব ব্যবধানে (প্রায় ২১০ রানে) না হারলেই ফাইনালে পৌঁছে যাবে তারা।

রোববার ১৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির তাণ্ডবে ম্যাচ গড়ায় `রিজার্ভ ডে’তে। সোমবার দুই দফা বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ৪১ ওভারে

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৯ রান করে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৩০ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

১৯ ওভারে ৩ উইকেটে ৬০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কাকে লড়াই করার মত সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব কুমার সাঙ্গাকারার। ৯০ রানে অপরাজিত ম্যাচ সেরা সাঙ্গাকারার ৯৫ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের। এছাড়া লাহিরু থিরিমান্নে করেন ২৩ রান।

২৭ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কেমার রোচ।

জবাবে শামিন্দা এরাঙ্গা ও ম্যাথিউসের মারাত্মক বোলিংয়ে ৩১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি।

পঞ্চম উইকেটে লেন্ডল সিমন্সের (৭৮ বলে ৬৭) সঙ্গে ড্যারেন ব্রাভোর (৮৪ বলে ৭০) ১২৩ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। কিন্তু দলীয় ১৫৪ রানে সিমন্স ও ১৭৬ রানে ব্রাভোর বিদায়ের পর আর পেরে উঠেনি ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক কাইরন পোলার্ডসহ ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন শূন্য রানে।

২৯ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার ম্যাথিউস। এরাঙ্গা ৩ উইকেট নেন ৪৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২১৯/৮ (থারাঙ্গা ৭, জয়াবর্ধনে ৭, সাঙ্গাকারা ৯০*, চান্দিমাল ২, থিরিমান্নে ২৩, ম্যাথিউস ৩০, মেন্ডিস ৮, কুলাসেকারা ১৪, সেনানায়েকে ৭*; রোচ ৪/২৭, হোল্ডার ২/৫০, পোলার্ড ১/২৪, স্যামুয়েলস ১/৪৮)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯০/৯ (গেইল ১৪, জনসন ১৪, স্মিথ ০, স্যামুয়েলস ০, ব্রাভো ৭০, সিমন্স ৬৭, পোলার্ড ০, স্যামি ৩, রোচ ৮*, হোল্ডার ০, বেস্ট ৫*; ম্যাথিউস ৪/২৯, এরাঙ্গা ৩/৪৬, মালিঙ্গা ২/৪২)

ম্যাচ সেরা: কুমার সাঙ্গাকারা।