বিসিবিকে এনএসসির আশ্বাস
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সম্ভাব্য ভেন্যু কক্সবাজার ও সিলেট স্টেডিয়াম নির্ধারিত সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বুঝিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশ্বাস দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আগামী মাসে শেষ বারের মতো ভেন্যু পরিদর্শনে আসবে আইসিসির প্রতিনিধি দল। স্টেডিয়ামগুলোর নির্মাণ ও সংস্কার কাজের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে শনিবার এনএসসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৈঠক শেষে এনএসসির যুগ্ম-সচিব আব্দুর রহমান বলেন, “আমাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি ছিল। সেটা আমরা কাটিয়ে উঠছি, সরকার বরাদ্দও বাড়িয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ শেষ করতে পারব। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দুটি ওয়ানডে হওয়ার কথা।”
“আমরা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কোনো সুযোগ দিতে চাই না। তারা অবশ্য এমন সুযোগ নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা তা হতে দেব না। ভেন্যুগুলোতে এখন দিন-রাত কাজ চলছে।”
গত মাসে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশ্বকাপের বিকল্প ভেন্যু নিয়ে আলোচনার সময় ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের একক অথবা সহ-আয়োজক হওয়ার প্রস্তাব দেয়।
বৈঠক শেষে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম বলেন, “এনএসসি আমাদের সময়মতো কাজ শেষ হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে। বিশ্বকাপ আয়োজনের জন্য আমরা একটি কর্ম-তালিকা তৈরি করেছি। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য প্রত্যেকের দায়িত্ব ঠিক করে দেয়া হয়েছে।”
