২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট ফিক্সিং: নিষিদ্ধ রাজস্থানের হারমিত সিং

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে রাজস্থান রয়্যালসের স্পিনার হারমিত সিংকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

স্পট ফিক্সিংয়ে তার ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শনিবার বিসিসিআইয়ের দুর্নীতি প্রতিরোধ ও নিরাপত্তা ইউনিটের প্রধান রবি সোয়ামি হারমিতকে জিজ্ঞাসাবাদ করেন। বাজিকরদের সঙ্গে যোগাযোগ থাকার ব্যাপারে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
রয়্যালসের এই স্পিনার বৃহস্পতিবার দিল্লি পুলিশকে জানান, ষষ্ঠ আইপিএলে অজিত চান্দিলা (স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া রয়্যালসের ক্রিকেটার) ও একজন বাজিকর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে স্পট ফিক্সিংয়ে জড়াতে পরিকল্পনা করেছিল। যদিও তাদের পরিকল্পনা কাজে আসেনি।

২০ বছর বয়সী হারমিত আরও জানান, দলীয় সতীর্থ চান্দিলা তার সঙ্গেও কিছু বাজিকরের বৈঠকের আয়োজন করেছিল। যেখানে তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। অবশ্য ঐসময়েই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনার জানার পরই বিসিসিআই হারমিতকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। হারমিতের অপরাধ, তিনি কেন সঙ্গে সঙ্গে বিসিসিআইকে এ বিষয়টি জানাননি।

ভারতীয় ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দেয়া ফিক্সিংয়ের ঘটনায় সবার আগে গ্রেপ্তার হয়েছিলেন চান্দিলাসহ রয়্যালসের শান্তকুমারন শ্রীশান্ত ও অঙ্কিত চাভান।

শ্রীশান্ত ও চাভান অবশ্য বর্তমানে জামিনে মুক্ত আছেন।