পেস সহায়ক পিচ না পেয়ে হতাশ বাশার
ঘরোয়া ক্রিকেটে পেস বোলিং সহায়ক পিচ তৈরির জন্য দীর্ঘদিন ধরে বলে আসছেন নির্বাচকরা। কিন্তু এখনো তেমন পিচ তৈরি না হওয়ায় হতাশ নির্বাচকদের একজন হাবিবুল বাশার সুমন।
অভিষেকের পর থেকে ছয় বছর ধরে টপ অর্ডারে বাংলাদেশের প্রধান ভরসা তামিম ইকবাল। তবে অর্ধযুগেও প্রথম তিনে মেলেনি তার যোগ্য সঙ্গী। তাই টপ অর্ডার নিয়েও চিন্তার কথা জানালেন বাশার।
টপ অর্ডার নিয়ে প্রতিটি সিরিজে পরীক্ষা-নিরীক্ষা কেন জানতে চাইলে বাশার বলেন, “দুই ও তিন নম্বরে আমরা অনেককেই সুযোগ দিয়েছি। কিন্তু কেউ সেভাবে সাফল্য না পাওয়ায় বারবার ব্যাটিং অর্ডারে অদল-বদল করতে হয়েছে। দলের সাফল্যের জন্য টপ অর্ডারের বড় রান পাওয়া জরুরি।”
প্রধান নির্বাচক আকরাম খান এবং অন্য নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই। কাজটা দারুণ উপভোগ করছেন।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বিসিবি চাইলে আরো কিছুদিন নির্বাচক হিসেবে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন বাশার।
তিনি বলেন, “কাজটা আমি উপভোগ করছি। বোর্ড চাইলে আরো কিছু দিন নির্বাচক কমিটিতে কাজ করতে কোনো আপত্তি নেই। এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনটি দল গঠন করা।”
অগাস্টে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দল। একই মাসে একটি টুর্নামেন্টে খেলতে সিঙ্গাপুরে যাবে অনূর্ধ্ব-১৯ দল।
