২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব হোক দীর্ঘ মেয়াদে: মুশফিক

স্বল্প মেয়াদে কাউকে অধিনায়ক না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরো বড় পরিসরে ভাবা উচিত বলে মনে করেন মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বিসিবি বুধবার মুশফিককে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে।

অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ ছাড়া চলতি বছর বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তাই সময়ের হিসেবে আরো ছয় মাস মুশফিককে অধিনায়কত্ব দেয়া হলেও সিরিজের হিসেবে সেটি কেবল এক সিরিজের জন্য।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অধিনায়কত্বের মেয়াদ বাড়ার প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, “বোর্ড বড় পরিসরে ভাবছে না। তবে আমার মনে হয় এখানেই একমাত্র সিরিজ বাই সিরিজ অধিনায়কত্ব দেয়া হয়। সত্যি বলতে কী, এটাই ক্রিকেটারদের জন্য বড় ভুল। আপনি যদি নিজেই না জানেন কয়টা সিরিজ আপনি (অধিনায়কত্ব) করবেন তাহলে লক্ষ্য ঠিক করা কঠিন।”

এভাবে অধিনায়কত্ব করা খুব কঠিন বলে মনে করেন ‘আবেগের বশে’ জিম্বাবুয়ে সফরে পদত্যাগের ঘোষণা দেয়া মুশফিক।

অবশ্য জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে হারার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও দেশে ফিরে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব ঘোষণা করা উচিত ছিল কিনা জানতে চাইলে মুশফিক বলেন, “আমি কখনো প্রস্তাব দিতে পারি না । আমি যদি যোগ্য হই, উনারা যদি ভাবেন আমি যোগ্য, তাহলে হয়তো প্রস্তাব দিবেন। বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমি চাই, অধিনায়কত্ব যেন দীর্ঘ পরিসরে দেয়া হয়।”

তার উপর আস্থা রাখায় বোর্ডকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, “আগের মেয়াদে আগে যেভাবে কমিটেড ছিলাম ভবিষ্যতেও একইভাবে করার চেষ্টা করবো। দলীয় পারফরম্যান্স ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টা করবো,”

সর্বশেষ সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। তারপরও ব্ল্যাক ক্যাপসদের প্রতি সমীহের কমতি নেই মুশফিকের।

“ওরা খুব যে ভালো নেই তা কিন্তু না। ইংল্যান্ডে গিয়ে ওদের হারিয়েছে তারা। আমাদের মতই ওদের উত্থান-পতন থাকে। একই সাথে তারা ভয়ঙ্কর একটি দল। শেষবার যখন ওরা এসেছিল আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছিলাম। এইজন্য ওরা হেরেছিল। এবারও ভালো ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই।”

তবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অধিনায়কের কণ্ঠে ঝরলো প্রত্যাশাই, “আমাদের অনেক পরিশ্রম করতে হবে। গত একমাস ধরে ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। গত একবছর ঘরোয়া সিরিজে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। আশা করি ভালো কিছু হবে।”

পুরনো খবর:

মুশফিকই অধিনায়ক