২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে নিয়ে মিসবাহর আশাবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচেই হেরে যাওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে পাকিস্তানকে। তবে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের বিশ্বাস, সব সমস্যা কাটিয়ে উঠে ২০১৫ বিশ্বকাপের আগেই ঘুরে দাঁড়াবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দলের অন্যরা দেশে ফিরলেও মিসবাহ ফিরেছেন সোমবার। দেশে ফিরে তিনি বলেন, “(চ্যাম্পিয়ন্স ট্রফিতে) আমরা ব্যর্থ হলেও এই প্রতিযোগিতাই শেষ কথা নয়। আগামী দুই বছর খেলোয়াড়দের ভালো ভাবে তৈরি করে বিশ্বকাপের জন্য আমরা নতুন ভাবে দল গড়ে নিতে পারব।”

মিসবাহর অধীনে সর্বশেষ পাঁচটি ওয়ানডে সিরিজের চারটিতেই হেরেছে পাকিস্তান। পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখতে আগ্রহী।

তবে আরেকটি সুযোগ পাচ্ছেন মিসবাহ। আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন তিনি।

বাজে পারফরম্যান্সের পেছনে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মিসবাহ বলেন, “কোনো দল হারলেই এ ধরনের নেতিবাচক বিষয়গুলো উঠে আসে। আমাদের দলে কোনো মতবিরোধ নেই। এই একই খেলোয়াড়রাই তো কিছু দিন আগেও ভালো খেলেছিল।”

“অনেক দিন ধরে আমরা শুধু পাকিস্তানের বাইরেই খেলছি। আমাদের ব্যর্থতার এটাও একটা কারণ।”