ওয়েস্ট ইন্ডিজের কষ্টসাধ্য জয়
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ক'দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
রোববার কিংস্টনের স্যাবাইনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৯ রান করে ভারত। জবাবে ৪৭ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
২৩০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানেরা উইকেট বিলিয়ে এলেও শেষ জুটিতে কেমার রোচ আর টিনো বেস্ট ১০ রান যোগ করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
কুচকিতে চোট পাওয়া অধিনায়ক ডোয়াইন ব্রাভোর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে টস করতে মাঠে নামেন কাইরন পোলারড।
গত ম্যাচে শতক হাকানো ক্রিস গেইল ১১ রান করে আউট হন। স্মিথ শূন্য আর স্যামুয়েলস ১ রান করে সাজঘরে ফিরলেও ড্যারেন ব্রাভোর (৫৫) সঙ্গে ম্যাচ সেরা জনসন চার্লসের ১১৬ রানের জুটি স্বাগতিকদের ৩ উইকেটে ১৪২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
ওপেনার জনসন চার্লস ৮টি চার ও ৪টি ছয়ে ১০০ বলে করেন ৯৭ রান। ব্রাভো করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান।
দলীয় ১৪২ রানের মাথায় ব্রাভো আউট হয়ে গেলেও চার্লস ক্রিজে থাকায় বোনাস পয়েন্টসহ সহজ জয় দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকায় শেষে হারের শঙ্কায় পড়ে ক্যারিবীয়রা।
ড্যারেন সামি ২৬ বলে ২৯ রানের পাল্টা জবাব দিলেও আসল কাজ শেষ না করেই বিদায় নেন তিনি। এর পর শতক করার আগেই চার্লসের বিদায়ে ম্যাচে ফেরে ভারত।
শেষ কয়েকটা ওভার রোচ আর বেস্ট মাথা ঠাণ্ডা রেখে জয়ের বন্দরে পৌছে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে উমেশ যাদব ভারতের সেরা বোলার।
ব্যাট করতে গিয়ে চোট পাওয়া ভারতের অধিনায়ক এমএস ধোনি আর ফিল্ডিংয়ের সময় মাঠে নামেতে পারেননি। তার জায়গায় উইকেটকিপিং করেছেন দিনেশ কার্তিক।
এর আগে পিচের আর্দ্রতার সুযোগ নিয়ে ভারতকে ২২৯ রানেই বেধে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারের মধ্যেই ভারত হারিয়ে ফেলে শিখর ধাওয়ান (১১) ও বিরাট কোহলিকে(১১) । তৃতীয় উইকেটে রোহিত শর্মা ও দীনেশ কার্তিক ৫৯ রান যোগ করে প্রাথমিক আঘাত কাটাতে পারলেও, রান তোলার গতি কমে যায়।
পরে সুরেশ রায়নার (৪৪) সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৭) ৫৮ রানের জুটি চেষ্টা করলেও ভারতকে লড়াই করার মত সংগ্রহ এনে দিতে পারেনি।
সর্বোচ্চ ৬০ রান রোহিতের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকে।
শেষ জুটিতে ব্যাটিংয়ে জয় ছিনিয়ে আনা রোচ আর বেস্ট মতো দুটি করে উইকেট নিয়ে বোলিংয়েও অবদান রাখেন। ড্যারেন স্যামিও নিয়েছেন দুটি উইকেট।
এর আগে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই ৬ উইকেটে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার একই মাঠে শ্রীলংকার মুখোমুখি হবে টানা নয় ম্যাচ জেতার পর হারের মুখ দেখা ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২২৯/৭ (রোহিত ৬০, ধাওয়ান ১১, কোহলি ১১, কার্তিক ২৩, রায়না ৪৪, ধোনি ২৭, জাদেজা ১৫, অশ্বিন ৫*, ভুবনেশ্বর ১১*; রোচ ২/৪১, স্যামি ২/৪১, বেস্ট ২/৫২, স্যামুয়েলস ১/২০)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭ ওভার ৪ বলে ২৩০/৯ (গেইল ১১, চার্লস ৯৭, স্মিথ ০, স্যামুয়েলস ১, ব্রাভো ৫৫, পোলার্ড ৪, রামদিন ৪, স্যামি ২৯, রোচ ১৪*, সুনীল ৫, বেস্ট ৩*; উমেশ ৩/৪৩, অশ্বিন ২/৪৪, ইশান্ত ২/৫১, রায়না ১/৪, ভুবনেশ্বর ১/৩৬)
ম্যাচ সেরা: জনসন চার্লস।
