পিসিবি সভাপতির সঙ্গে দেখা করতে চান আসিফ
স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠির সঙ্গে তিনি দেখা করতে আগ্রহী।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান এবং দুই পেসার আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।
গত শুক্রবার কৃতকর্মের জন্য অনুতপ্ত সালমান এক সংবাদ সম্মেলনে নিজের দোষ স্বীকার করে স্বদেশের মানুষের কাছে ক্ষমা চান।
আসিফ অবশ্য ক্ষমা চাওয়ার ব্যাপারে দ্বিধান্বিত। তিনি বলেন, “পিসিবির নতুন সভাপতির সঙ্গে দেখা করার পরই এ বিষয়ে (ক্ষমা চাওয়া) সিদ্ধান্ত নেবো।”
“সালমান বাট ক্ষমা চেয়েছে। পাঁচ বছরের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা শেষে তার ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে। তাকে আইসিসির দেয়া ১০ বছরের সাজার বাকি পাঁচ বছর তো মুলতবিযোগ্য।”
আসিফের নিষেধাজ্ঞার মেয়াদ ৭ বছর। এর মধ্যে দুই বছর মুলতবিযোগ্য।
