২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-কক্সবাজার স্টেডিয়াম নিয়ে আইসিসির উদ্বেগ

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের উন্নয়ন ও নির্মাণকাজের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

লন্ডনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশকে সতর্ক করে বলা হয়েছে, অগাস্টে তৃতীয় দফা পরিদর্শনের পর ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা দুটি বাড়িয়ে ১০টি করা হয়েছে।

আইসিসি তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ভারসাম্য (বিশেষ করে টেস্টের ক্ষেত্রে) বজায় রাখার কৌশল সমর্থন করে চার বছরের সময়সীমার মধ্যে প্রত্যেক দলের অন্তত ১৬টি টেস্ট খেলার বাধ্যবাধকতাও অনুমোদন করেছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং নিরূপণের সময়সীমা তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। প্রতি বছর ১ অগাস্টের পরিবর্তে ১ মে বার্ষিক র‌্যাঙ্কিং প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০১৫ থেকে ২০২৩ সাল পর‌্যন্ত ১৮টি প্রতিযোগিতা আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি মহিলা ওয়ানডে বিশ্বকাপ, তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, দুটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চারটি বাছাই টুর্নামেন্ট।

২০১৭ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের উদ্বোধনী আসর। ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে হবে এই প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হবে বাংলাদেশে, ২০১৮ সালে। এর আগে ২০১৬ সালে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও ভেন্যু বাংলাদেশ।

আইসিসির ৩৭তম সহযোগী সদস্যের মর‌্যাদা পেয়েছে আফগানিস্তান।

আগামী ১ অক্টোবর থেকে বেশ কিছু নতুন নিয়মের প্রবর্তন হতে যাচ্ছে। আউট হওয়ার পর ফুলটস ও বলের লেন্থ দেখে ‘নো’ বল ছিল কিনা, তা পরীক্ষা করে নিতে পারবেন আম্পায়াররা।

বলের আকৃতি পরিবর্তনের কোনো প্রত্যক্ষদর্শী না থাকলে আম্পায়াররা বল পরিবর্তন করবেন। সেই সঙ্গে অধিনায়ককে সতর্ক করবেন ও ব্যাটিং দলকে ৫টি পেনাল্টি রান দেবেন। একই সঙ্গে আইসিসির আচরণবিধি অনুযায়ী ফিল্ডিং দলের অধিনায়ক সম্পর্কে রিপোর্টও করবেন ম্যাচ রেফারির কাছে।