২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকসুর প্রতিবেদনের জন্য আরো অপেক্ষা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ম্যাচ পাতানো নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত প্রতিবেদন পেতে দেরি হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

লন্ডনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আইসিসি বোর্ড ও প্রধান নির্বাহী কমিটির যৌথ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আগে এই বিষয়ে আকসুকে আরো তদন্তের পরামর্শ দেয়া হয়েছে।

বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় মোহাম্মদ আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আকসুর প্রতিবেদন না পাওয়া পর‌্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্থগিতের ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসির এজিএমে এই প্রতিবেদন পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

দুর্নীতি মোকাবিলায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুর্নীতি বিরোধী নীতিমালায় একটি বর্ধিত সংকলন অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে আইসিসি বোর্ড। সদস্য বোর্ডের সিদ্ধান্ত সমর্থনের নীতি গ্রহণ করে বিচার বিভাগীয় চ্যালেঞ্জের কথাও আলোচনা করেছে তারা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, “দুর্নীতির ক্ষেত্রে আইসিসি কোনো ছাড় দেবে না। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আইসিসি তার সর্বশক্তি নিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

“আন্তর্জাতিক ক্রিকেটে বেশিরভাগ খেলোয়াড়, কর্মকর্তা ও প্রশাসক খেলাটির চেতনা সমুন্নত রাখায় আইসিসির আত্মবিশ্বাস তুঙ্গে। তবে আমরা আত্মপ্রসাদে ভুগছি না। হাতে গোনা কয়েকজন দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিজেদের, সতীর্থদের এবং ক্রিকেটের সুনাম ক্ষুন্ন করছেন।”