দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ নিউজিল্যান্ডের
প্রবল বৃষ্টিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেও দেশে ফিরছে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার ওভালে বৃষ্টির জন্য খেলা শুরুই হয় দেরিতে। বৃষ্টি থামার পর টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।
কিন্তু দুই বল পরই খেলার ‘অপমৃত্যু’! মিচেল ম্যাকক্লেনাগানের করা প্রথম বল স্কয়ার লেগ অঞ্চলে পাঠিয়ে দুই রান নেন মাইকেল লাম্ব। তবে পরের বলেই দ্বিতীয় স্লিপে প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়েন তিনি।
কিন্তু এর পরই বৃষ্টি নেমে আবার থামিয়ে দেয় খেলা। আর এক বলও হতে পারেনি। কয়েক দফা বৃষ্টির পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও টিম রবিনসন।
