নাজাম সেঠির নিয়োগ ‘অসাংবিধানিক’!
নাজাম সেঠির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগকে ‘অসাংবিধানিক’ হিসেবে ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি)।
গত মাসে পিসিবির নির্বাচনে সভাপতি পদে জাকা আশরাফের নির্বাচিত হওয়াকে ‘সন্দেহজনক’ ও ‘অস্বচ্ছ’ ঘোষণা করে তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অন্য কাউকে নিয়োগ দেয়ার নির্দেশ দেয় ইসলামাবাদ হাই কোর্ট। তারই প্রেক্ষিতে গত রোববার সেঠি পিসিবির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।
তবে টিআইপির মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মাধ্যমে সেঠির নিয়োগ ‘স্বচ্ছতা ও মেধার মানদণ্ডের পরিপন্থী’। কারণ বোর্ডের সংবিধান অনুযায়ী, বোর্ড সদস্যরাই শুধু সভাপতি পরিবর্তন করার অধিকারী।
ক্রিকেট সংশ্লিষ্ট অভিজ্ঞতার অভাবের জন্যও সেঠিকে পিসিবি প্রধান হিসেবে দেখতে চায় না টিআইপি। তাছাড়া তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও আছে।
