প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়
ওভালে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৫ উইকেটে ১৯৬ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে মাইকেল লাম্বের (১৭ বলে ২৯) সঙ্গে আলেক্স হেইলসের ৫০ রানের উদ্বোধনী জুটি ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে লুক রাইটের সঙ্গে ৫৫ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন হেইলস (২৯ বলে ৩৯)।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পরও দলকে কক্ষপথে রেখেছিলেন রাইট (৫২)। অর্ধশতকে পৌঁছানোর পর তার বিদায়ে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। এরপরও চেষ্টা করেছিলেন রবি বোপরা (৩০*) ও জশ বাটলার (১০ বলে ১৭)। কিন্তু ২২ বলে তাদের ৪৫ রানের জুটিও ৫ রানের ব্যবধান ঘুচাতে পারেননি।
এর আগে শূন্য রানে জেমস ফ্র্যাঙ্কলিনের বিদায়ে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে হামিশ রাদারফোর্ডের ৬৭ বলে ১১৪ রানে চমৎকার জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
৬২ রান করা রাদারফোর্ডের ৩৫ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৬টি চার। দলীয় ১৬১ রানে বিদায় নেয়ার আগে ৬৮ রান করেন ব্রেন্ডন। তার ৪৮ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো।
সেখান থেকে অতিথিদের রান দুশ পেরুনোর কৃতিত্ব রস টেইলর (১৯ বলে অপরাজিত ৩২) ও টম ল্যাথামের (১৭ বলে ২২)।
ইংল্যান্ডের পক্ষে অভিষেক হয়েছে পেসার বয়েড র্যাংকিনের। আয়ারল্যান্ডের হয়ে ২০০৭ সাল থেকে গত বছর পর্যন্ত ৩৭টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই দীর্ঘদেহী পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০১/৪ (রাদারফোর্ড ৬২, ফ্র্যাঙ্কলিন ০, ব্রেন্ডন ম্যাককালাম ৬৮, টেইলর ৩২*, ল্যাথাম ২২, মুনরো ০*; রাইট ২/৩১, র্যাংকিন ১/২৪, ডার্নব্যাখ ১/৩১)
ইংল্যান্ড: ১৯৬/৫ (লাম্ব ২৯, হেইলস ৩৯, রাইট ৫২, মর্গ্যান ৭, বোপারা ৩০*, বাটলার ১৭, স্টোকস ৯*; হিরা ১/৩৪, বাটলার ১/৩৫, ম্যাকক্লেনাগান ১/৩৭, বাটলার ১/৩৭)
