২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড ফাইনাল

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগামী রোববার এজবাস্টনে অনুষ্ঠেয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 09:36 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

এটা ভারতের তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উত্তরণ। ২০০০ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। দুই বছর পরের আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে।

বৃহস্পতিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮১ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৫ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারতের তিন পেসার ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মার নিখুঁত লাইন-লেন্থের বল শুরু থেকেই বেঁধে রাখে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। সেই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে গত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কানরা।

১৮ ওভার শেষে ৩ উইকেটে ৪১ রানে পরিণত হওয়ার পর ’৯৬ বিশ্ব চ্যাম্পিয়নরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তার আগেই পঞ্চম ওভারে পায়ের পেশিতে টান পড়ে তিলকরত্নে দিলশান মাঠের বাইরে চলে যান। এই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান ৪৮তম ওভারে ফিরলেও তখন তার দলের লড়াই করার আশা শেষ।

২১তম ওভারের শেষ বলে ৫০ এবং ৩২তম ওভারের চতুর্থ বলে ১০০ রান করা শ্রীলঙ্কার বলার মতো জুটি একটাই—বর্তমান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৫১) সঙ্গে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৩৮) ৭৮ রান।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটা সিদ্ধান্ত চমকে দিয়েছে সবাইকে। দীনেশ কার্তিকের হাতে উইকেটরক্ষণের গ্লাভস তুলে দিয়ে বল হাতে নিয়েছেন তিনি। মিডিয়াম পেসে চার ওভার করে কোনো উইকেট অবশ্য পাননি। তবে ১৭ রানের বেশিও দেননি ভারতের সফলতম অধিনায়ক।

৯ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ইশান্ত শর্মা ভারতের সবচেয়ে সফল বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও এই দীর্ঘদেহী পেসার। ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।

জবাবে রোহিত শর্মার (৩৩) সঙ্গে শিখর ধাওয়ানের ৭৭ রানের উদ্বোধনী জুটিতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। রোহিতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৬৫ রানের আরেকটা ভালো জুটি গড়েন দারুণ ছন্দে থাকা ধাওয়ান।

ধাওয়ান ৬৮ রান করে আউট হয়ে গেলেও ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ থেকে ফেরেন কোহলি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ১৮১/৮ (কুশল ৪, দিলশান ১৮*, সাঙ্গাকারা ১৭, থিরিমান্নে ৭, জয়াবর্ধনে ৩৮, ম্যাথিউস ৫১, মেন্ডিস ২৫, পেরেরা ০, কুলাসেকারা ১, মালিঙ্গা ৭*; ইশান্ত ৩/৩৩, অশ্বিন ৩/৪৮, ভুবনেশ্বর ১/১৮, জাদেজা ১/৩৩)

ভারত: ৩৫ ওভারে ১৮২/২ (রোহিত ৩৩, ধাওয়ান ৬৮, কোহলি ৫৮* রায়না ৭*; ম্যাথিউস ১/১০, মেন্ডিস ১/২৮)

ম্যাচ সেরা: ইশান্ত শর্মা।