২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নারকে ক্লার্কের সতর্কবার্তা

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, পানশালায় মারামারি করে শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার টেস্ট দলে নিজের জায়গাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jun 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

গত ৯ জুন ভোরে বার্মিংহ্যামের এক পানশালায় ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জো রুটের মুখে ঘুঁষি মারেন ওয়ার্নার। এই অপরাধে আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগ পর্যন্ত সব ধরণের ক্রিকেটে তাকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অনাকাঙ্ক্ষিত ঐ ঘটনার আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

একটি পত্রিকার কলামে ক্লার্ক লিখেছেন, “ডেভিডকে আমি পরিষ্কার করে জানাতে চাই, একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসাবে তার আচরণ গ্রহণযোগ্য নয়। সে দলকে ছোট করেছে। যারা অস্ট্রেলীয় ক্রিকেটকে ভালোবাসে এবং সমর্থন করে তাদের কষ্ট দিয়েছে। ডেভিড শাস্তি পেয়েছে এবং এর পরিণতি তাকেই ভোগ করতে হবে।”

“সে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশির ভাগ ম্যাচই মিস করবে। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে না। তাই টেস্ট দলে জায়গা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে পড়বে।”