২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে শ্রীলঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। গত দুবারের চ্যাম্পিয়নদের ২০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 12:50 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

‘এ’ গ্রুপের সব খেলা শেষে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সংগ্রহ চার পয়েন্ট করে। তবে নিট রান রেটে এগিয়ে থাকায় স্বাগতিক ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন।

তৃতীয় নিউজিল্যান্ডের তিন এবং সবচেয়ে নিচে থাকা অস্ট্রেলিয়ার মাত্র এক পয়েন্ট।

বুধবার ওভালে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। পরদিন কার্ডিফে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

সোমবার ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪২ ওভার ৩ বলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার জন্য ২৯.১ ওভারের মধ্যে জয় প্রয়োজন ছিল তাদের।

তিলকরত্নে দিলশানের (৩৪) সঙ্গে লাহিরু থিরিমান্নের (৫৭) ৭২ ও দীনেশ চান্দিমালের (৩১) সঙ্গে মাহেলা জয়াবর্ধনের ৬৫ রানের জুটি শ্রীলঙ্কাকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

৮১ বলে ১১টি চারসহ ৮৪ রানে অপরাজিত থাকা জয়াবর্ধনে অষ্টম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১১ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন।

সনাৎ জয়াসুরিয়া ও সাঙ্গাকারার পর এই মাইল ফলকে পৌঁছানো তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিনি।

জবাবে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

ষষ্ঠ উইকেটে অ্যাডাম ভোজেস (৪৯) ও ম্যাথু ওয়েড (৩১) ৪৭ এবং শেষ দুই ব্যাটসম্যান ক্লিন্ট ম্যাকে (৩০) ও জাভিয়ের ডোহার্টি (১৫) ৪১ রানের জুটি গড়লেও ২০ রান আগেই থেমে যায় কয়েক বছর আগেও ক্রিকেট-বিশ্বকে শাসন করা অস্ট্রেলীয়দের ইনিংস।

৪২ রানে ৩ উইকেট নেন নুয়ান কুলাসেকারা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৩/৮ (কুশল ৪, দিলশান ৩৪, সাঙ্গাকারা ৩, থিরিমান্নে ৫৭, জয়াবর্ধনে ৮৪*, ম্যাথিউস ১২, চান্দিমাল ৩১, কুলাসেকারা ৬, হেরাথ ২, মালিঙ্গা ২*; জনসন ৩/৪৮, ডোহার্টি ১/৩০, ম্যাকে ১/৫১, ফকনার ১/৬০)

অস্ট্রেলিয়া: ৪২.৩ ওভারে ২৩৩ (ওয়াটসন ৫, হিউজ ১৩, ম্যাক্সওয়েল ৩২, বেইলি ৪, ভোজেস ৪৯, মার্শ ৪, ওয়েড ৩১, ফকনার ১৭, জনসন ৪, ম্যাকে ৩০, ডোহার্টি ১৫*; কুলাসেকারা ৩/৪২, হেরাথ ২/৪৮, দিলশান ১/১১, ম্যাথিউস ১/২১, এরাঙ্গা ১/৪০, মালিঙ্গা ১/৬০)

ম্যাচ সেরা: মাহেলা জয়াবর্ধনে।