‘কাঠগড়া’য় পাকিস্তানের ব্যাটসম্যানরা
এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর ভালো কাটেনি পাকিস্তানের। তার ওপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচেই হেরে যাওয়ায় সমালোচকদের তীরে বিদ্ধ হতে হচ্ছে তাদের। বিশেষ করে ব্যাটসম্যানদের।
তিন ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান মাত্র ১৭০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টুর্নামেন্টে ১৭৩ রান করা অধিনায়ক মিসবাহ-উল-হক ছাড়া বাকি সবাই ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ রান নাসির জামশেদের।
পাকিস্তানের সাবেক কয়েকজন ক্রিকেটার ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায়।
সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও কোচ মহসিন খান বলেন, “ব্যাটিং আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সমস্যা খুঁজে বের করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অতি দ্রুত আমাদের আরো নিচের দিকে নিয়ে যাবে। তাই সমস্যা সমাধানে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন পদক্ষেপ নেয়া প্রয়োজন।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ অবশ্য কোচ ডেভ হোয়াটমোরকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
তিনি বলেন, “হোয়াটমোরকে বরখাস্ত করা উচিৎ। কারণ তিনি এবং তার সহকারীরা সম্পূর্ণ ব্যর্থ। নতুন কারো এসে এই দলের দায়িত্ব নেয়া উচিৎ। পাকিস্তানে প্রতিভার অভাব নেই। শুধু দরকার সুপরিকল্পনার।”
