২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জুলাই থেকে ক্রিকেট লিগ

দুই দিন পিছিয়ে আগামী ১ জুলাইয়ের পরিবর্তে ৩ জুলাই থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

লিগের নিলাম বা দলবদলও পিছিয়ে গেছে। ২০ জুনের পরিবর্তে নিলাম হবে ২৩ জুন।

রোববার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, “আমরা প্রতিযোগিতার বাইলজ চূড়ান্ত করার শেষ পর্যায়ে আছি। সব কিছু ঠিক-ঠাক করার জন্য লিগ কিছুটা পিছিয়ে দেয়া হচ্ছে। এই মৌসুম থেকে শুরু হতে যাওয়া নিলাম প্রক্রিয়া চূড়ান্ত করার জন্যও আমাদের বাড়তি সময়ের প্রয়োজন।”

নিলামের দিন ঘনিয়ে এলেও নিলাম পদ্ধতি ও পারিশ্রমিক নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্লাব ও ক্রিকেটাররা। সঙ্কট নিরসনে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনায় বসবে সিসিডিএমের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবারই বেলা ১২টায় মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বকেয়া এবং প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনার জন্য সভা ডেকেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম বলেন, “এবারের লিগ ‘লিস্ট এ’ ক্রিকেটের মর্যাদা পেতে যাচ্ছে। ২০০৭ সালে আইসিসি সংশ্লিষ্ট বোর্ডকে নিজেদের সেরা ওয়ানডে টুর্নামেন্টকে ‘লিস্ট এ’ মর্যাদা দেয়ার অধিকার দিয়েছে।”

“লিগকে সামনে রেখে দুটি কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিসিবি সভাপতির সামনে বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন। চার সদস্যের আরেকটি কমিটি ‘লজিস্টিক’ সহায়তা দেবে। অগাস্টের মাঝামাঝি পর্যন্ত লিগের জন্য শের-ই-বাংলা স্টেডিয়াম পাওয়া যাবে। এছাড়া বিকেএসপির দুই নম্বর মাঠ, রাজশাহী ও বগুড়ায় লিগের খেলা হতে পারে।”

লিগের স্বার্থে এবার ক্রিকেটারদের শ্রেণীবিভাগ মেনে নিলেও নিলামে ক্লাব নয়, ক্রিকেটারদেরই দল বাছাইয়ের সুযোগ দেয়ার দাবি জানিয়েছিল কোয়াব। ক্লাবগুলো নিলামের কর্তৃত্ব হাতছাড়া করতে রাজি না হওয়ায় ক্রিকেটাররা আবারো চিরাচরিত পদ্ধতিতে দলবদলের দাবি তুলেছেন।

এ প্রসঙ্গে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, “এতদিন যেভাবে দলবদল হয়েছে এবারো সেভাবেই হতে হবে। নতুন নিয়মের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।”