পাকিস্তানকেও হারালো ভারত
টানা তিনটি অর্থাৎ শতভাগ জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে যাচ্ছে ভারত। শনিবার ‘বি’ গ্রুপের বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে তারা।
চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গেও ব্যর্থ হওয়ায় টানা তিন হার নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে পাকিস্তানকে।
এজবাস্টনে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ১৬৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংস শেষে কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত ভারতের পূননির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১০২ রান। ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগের দুই ম্যাচের মতো শনিবারও ব্যাটসম্যানদের ব্যর্থতা পাকিস্তানের আত্মসমর্পণের কারণ। বিস্ময়করভাবে এই
টুর্নামেন্টে তারা কোনো ম্যাচে ২০০ রানও করতে পারেনি।
অধিনায়ক মিসবাহ-উল-হক (২২) ও আসাদ শফিক (৪১) ৫৪ এবং কামরান আকমল (২১) ও মোহাম্মদ হাফিজ (২৭) ৪৬ রানের জুটি গড়লেও পাকিস্তানের সংগ্রহ বলার মতো কিছু হয়নি।
জবাবে রোহিত শর্মার (১৮) সঙ্গে শিখর ধাওয়ানের (৪৮) ৫৮ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয় ভারতের। আগের দুই ম্যাচেই শতক করে অপরাজিত থাকা ধাওয়ান অবশেষে আউট হলেও জয় নিয়ে বিন্দুমাত্র ভাবতে হয়নি মহেন্দ্র সিং ধোনির দলকে।
দুই উইকেট পেলেও শুরু থেকে দারুণ বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়ানো ভুবনেশ্বর কুমারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ৮ ওভারে এই ডান হাতি পেসারের খরচ মাত্র ১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৯.৪ ওভারে ১৬৫ (জামশেদ ২, কামরান ২১, হাফিজ ২৭, শফিক ৪১, মিসবাহ ২২, শোয়েব ১৭, আমিন ২৭*, ওয়াহাব ০, আজমল ৫, জুনায়েদ ০, ইরফান ০; ভুবনেশ্বর ২/১৯, জাদেজা ২/৩০, অশ্বিন ২/৩৫, ইশান্ত ২/৪০)
ভারত: ১৯.১ ওভারে ১০২/২ (রোহিত ১৮, ধাওয়ান ৪৮, কোহলি ২২*, কার্তিক ১১*; ওয়াহাব ১/২০, আজমল ১/৩০)
ম্যাচ সেরা: ভুবনেশ্বর কুমার।
