২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানের ‘গুরুত্বহীন’ লড়াই

এমন গুরুত্বহীন ভারত-পাকিস্তান লড়াই খুব কমই এসেছে ক্রিকেট-বিশ্বে। ভারতের সেমিফাইনাল আর পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বহীন লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 06:57 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

তবে মিসবাহ-উল-হকের কাছে এই লড়াইয়ের গুরুত্ব মোটেও কম নয়। পাকিস্তানের অধিনায়ক বলেন, “আমরা যখনই একে অন্যের বিপক্ষে খেলি তখনই তা প্রত্যেকের কাছে ফাইনালের মতো হয়ে যায়। প্রতিযোগিতা থেকে আমাদের বিদায় নিশ্চিত হয়ে গেলেও এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।”

“অন্য যে কোনো দলের চেয়ে ভারত-পাকিস্তানের ক্রিকেট-অনুসারী অনেক বেশি। তারা সবাই আমাদের লড়াই দেখতে উদগ্রীব হয়ে থাকে।”

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি। তিনি বলেন, “ভারত-পাকিস্তান খেলা মানেই বড় ম্যাচ। দুই দলই হয়তো ১৯৮০ ও ৯০-এর দশকের চেয়ে এখন কিছুটা নির্ভার থাকে। আর তা ক্রিকেটের জন্যও মঙ্গল। তবে এই ম্যাচের আবেদন আগের মতোই আছে। সেজন্যই ম্যাচটা মানুষের কাছে এতটা বিনোদনের।”