দুঃসময় পেছনে ফেলতে চান শ্রীশান্ত
আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়ে গত সোমবার জামিন পাওয়া শান্তকুমারন শ্রীশান্ত জানিয়েছেন, সব কিছু ভুলে অনুশীলনে মনযোগ দিতে চান তিনি।
বুধবার ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার বলেন, “আমি অনুশীলন থামাবো না, বরং শিগগিরই অনুশীলন শুরু করবো। দীর্ঘ ২৭ দিন পর ভালো খাবার খেয়েছি। এই ২৭ দিনের কথা ভুলে যেতে চাই।”
“ভারতের বিচার-ব্যবস্থার ওপরে আমার পূর্ণ আস্থা আছে। কিছু দিনের মধ্যে বিচার শুরু হবে। আমাকে তাই ধৈর্য্যের সঙ্গে অপেক্ষা করতে হবে।”
শ্রীশান্ত, তার রাজস্থান রয়্যালস সতীর্থ অঙ্কিত চাভান এবং আরো ১৭ জন সোমবার জামিন পেলেও দিল্লির তিহার কারাগার থেকে মুক্তি পান মঙ্গলবার।
জামিন পেলেও প্রত্যেকের পাসপোর্ট জমা রাখতে বলেছে আদালত। তাই তাদের কারো দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই। অবশ্য দেশের মধ্যে যাতায়াতে কোনো বাধা নেই।
দিল্লি পুলিশ শ্রীশান্তদের বিরুদ্ধে ‘মহfরাষ্ট্র অপরাধ নিয়ন্ত্রণ’ আইনে মামলা করার আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। কারণ হিসেবে আদালত জানান, তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।
জামিন পেয়ে নিজের শহর কোচিতে ফিরে ভক্তদের সাদর অভ্যর্থনা পেয়েছেন শ্রীশান্ত।
