২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করবেন নাদির শাহ

ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকায় দশ বছরের জন্য নিষিদ্ধ আম্পায়ার নাদির শাহ শাস্তি কমানোর লক্ষ্যে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

গত ১৮ মার্চ নাদির শাহকে এই শাস্তি দেয় বিসিবি। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গত অক্টোবর থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কাছে আপিল করার কথা জানিয়েছেন নাদির শাহ। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “আমি তো কোনো অন্যায় করিনি। তবু আমাকে শাস্তি পেতে হচ্ছে। আইসিসি ও বিসিবির কোনো ম্যাচে আম্পায়ারিং করতে পারছি না।” “জীবনটা খুব খারাপ কাটছে। কিছুই আর ভালো লাগে না। আমি আবার আম্পায়ারিংয়ে ফিরতে চাই, আইসিসি ও বিসিবির ম্যাচ পরিচালনা করতে চাই।” ভারতের বিতর্কিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইসিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের শাস্তি কমানো আশান্বিত করে তুলেছে নাদির শাহকে। তিনি বলেন, “আমি ২৬ বছর ধরে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত। ক্রিকেটার থেকে আম্পায়ার হয়েছি। কোনো দোষ না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে। আসলে আমি রসিকতা করে অনেক কথা বলি।” “আমি এখনো সব কিছু ছেড়ে দেইনি। কয়েক দিন পর যুক্তরাষ্ট্রে যাব। সেখানে কয়েকটা ম্যাচে আম্পারিং করবো।” গত অক্টোবরে ভারতের একটি টিভি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’তে গোপন ক্যামেরায় ধারণ করা একটি প্রতিবেদনে দেখানো হয়, চ্যানেলটির ছদ্মবেশী প্রতিবেদকের কাছে নাদির শাহসহ কয়েকটি দেশের ছয় জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দেয়া এবং বিভিন্ন তথ্য আগেই জানিয়ে দিতে রাজি হয়েছিলেন। বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ‘ইন্ডিয়া টিভি’। তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে চ্যানেলটি জানায়।