পাকিস্তানের আশা প্রায় শেষ
পাকিস্তানকে ৬৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এই হারে পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে ২৬ রানে ও পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে হেরে যায়। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার আর একটি করে ম্যাচ বাকি।
মঙ্গলবার ওভালে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান আগামী শনিবার ভারতের মুখোমুখি হবে। তার আগে শুক্রবার দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সোমবার ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে দুই ব্যাটসম্যানের বিদায়ের শুরুতেই অস্বস্তিতে পড়ে পাকিস্তান। শোয়েব মালিকের (৮) সঙ্গে ৩০ ও মিসবাহ-উল-হকের সঙ্গে ৩৮ রানের দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন নাসির জামশেদ (৪২)।
নাসিরের বিদায়ের পরও লড়াই চালিয়ে যান অধিনায়ক মিসবাহ (৫৫)। অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় তেমন সুবিধা করতে পারেন নি। অর্ধশতকে পৌঁছানোর পর দলীয় ১৪৮ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।
১৯ রানে ৪ উইকেট নিয়ে রায়ান ম্যাকলারেন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে কলিন ইনগ্রামের (২০) সঙ্গে হাশিম আমলার ৫৩ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে ফাফ দু প্লেসির (২৮) সঙ্গে ৬৯ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ম্যাচ সেরা আমলা।
সাঈদ আজমলের বলে মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে ১৪৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান আমলা (৮১)। তার ৯৭ বলের ইনিংসে ৯টি চার।
আমলার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আড়াইশ পর্যন্ত যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের চার ব্যাটসম্যান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৩১), জেপি ডুমিনি (২৪), ক্রিস মরিস (১) ও অ্যারন ফাঙ্গিসো (০) রান আউট হয়ে ফেরেন সাজঘরে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৩৪/৯ (ইনগ্রাম ২০, আমলা ৮১, দু প্লেসি ২৮, ডি ভিলিয়ার্স ৩১, ডুমিনি ২৪, মিলার ১৯, ম্যাকলারেন ৪, পিটারসন ১৬, মরিস ১, ফাঙ্গিসো ০; ইরফান ১/২৭, শোয়েব ১/২৭, হাফিজ ১/৩৮, আজমল ১/৪২, জুনায়েদ ১/৪৫)
পাকিস্তান: ৪৫ ওভারে ১৬৭ (ফারহাত ২, জামশেদ ৪২, হাফিজ ৭, শোয়েব ৮, মিসবাহ ৫৫, আমিন ১৬, কামরান ০, ওয়াহাব ১৩, আজমল ৫, জুনায়েদ ৪, ইরফান ০*; ম্যাকলারেন ৪/১৯, সোতসোবে ২/২৩, মরিস ২/২৫, ডুমিনি ১/২৬, ফাঙ্গিসো ১/৫০)
