নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়
চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ছোট রানের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে তারা।
রোববার কার্ডিফে ‘এ’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৫ বলে ১৩৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৩৬ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
সর্বশেষ ১৫ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় জয়।
লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গাপটিল (২৫) ও কেন উইলিয়ামসন (১৬) নিউজিল্যান্ডকে ১ উইকেটে ৪৮ রানের সুবিধাজনক জায়গায় নিয়ে যান। ১ রানের ব্যবধানে গাপটিল, উইলিয়ামসন ও রস টেইলরের (০) বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর পরিণত হয় ৪৯/৪-এ।
এরপর জেমস ফ্র্যাঙ্কলিন (৬) ও ড্যানিয়েল ভেট্টরি (৫) বেশিক্ষণ না টিকলেও দুই ম্যাককালাম নাথান ও ব্রেন্ডন নিউজিল্যান্ডকে কক্ষপথে ফেরান। ৩০তম ওভারের শেষ বলে ব্রেন্ডন (১৮) ও পরের ওভারে ফিরে দ্বিতীয় বলে ম্যাচ সেরা নাথানকে (৩২) বিদায় করে লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার সম্ভাবনা বাঁচিয়ে রাখেন।
দশম ব্যাটসম্যান কাইল মিলসের (৩) রান আউট খেলায় উত্তেজনা আরো বাড়ায়। তারপরও শেষ রক্ষা হয়নি। ব্যক্তিগত ৬ রানে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ থেকে বেঁচে যাওয়া টিম সাউদি (১৩*) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মালিঙ্গা।
এর আগে প্রথম বলেই উইকেট হারানো শ্রীলঙ্কা শুরুতেই অস্বস্তিতে পড়ে। তিলকরত্নে দিলশানের ২০ রানের পরও ৩৪ রানে চার ব্যাটসম্যানের বিদায়ে চাপ আরো বাড়ে।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৯) সঙ্গে ৩১ ও থিসেরা পেরেরার (১৫) সঙ্গে ৩৬ রানের ছোট্ট দুটি জুটি গড়ে দলকে আরো বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচান কুমার সাঙ্গাকারা।
দলীয় ১৩৫ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারার (৬৮) বিদায়ের পর শ্রীলঙ্কার ইনিংস আর বেশি দূর এগোয়নি। দলের আট ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।
৪৩ রানে ৪ উইকেট নিয়ে মিচেল ম্যাকক্লেনাগান নিউজিল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৩৭ ওভার ৫ বলে ১৩৮ (কুশল ০, দিলশান ২০, সাঙ্গাকারা ৬৮, জয়াবর্ধনে ৪, চান্দিমাল ০, ম্যাথিউস ৯, থিরিমান্নে ৯, থিসেরা ১৫, হেরাথ ৮*, এরাঙ্গা ০, মালিঙ্গা ২; ম্যাকক্লেনাগান ৪/৪৩, মিলস ২/১৪, নাথান ম্যাককালাম ২/২৩, ভেট্টরি ১/১৬)
নিউজিল্যান্ড: ৩৬ ওভার ৩ বলে ১৩৯/৯ (গাপটিল ২৫, রঞ্চি ৭, উইলিয়ামসন ১৬, টেইলর ০, ফ্র্যাঙ্কলিন ৬, ব্রেন্ডন ম্যাককালাম ১৮, ভেট্টরি ৫, নাথান ম্যাককালাম ৩২, সাউদি ১৩*, মিলস ৩, ম্যাকক্লেনাগান ১*; মালিঙ্গা ৩৪/৪, এরাঙ্গা ২/৪৫, দিলশান ১/১২, হেরাথ ১/৩৬)
