আশরাফুলভক্তদের দাঁড়াতে দিল না পুলিশ
ম্যাচ পাতানোয় জড়িত থাকার কথা স্বীকার করা মোহাম্মদ আশরাফুলের ‘কম শাস্তির’ দাবিতে ভক্তদের মানববন্ধন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
১০টার দিকে বিভিন্ন স্থান থেকে আশরাফুলভক্তদের ছোট ছাট দল ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। তাদের ফেস্টুনে ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’; ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’; ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’- ইত্যাদি শ্লোগান লেখা দেখা যায়।
বিভিন্ন স্থান থেকে আসা এই ক্রিকেটপ্রেমীরা মানববন্ধনে দাঁড়ানোর আগেই লাঠিহাতে তাদের দিকে তেড়ে যায় পুলিশ। এতে আশরাফুলভক্তরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়েন।
এরপর আরো কয়েকবার ভক্তরা স্টেডিয়ামের প্রধান ফটক ও চার নম্বর ফটকের কাছে খণ্ড মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি।
এ সময় র্যাব সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
মিরপুর পুলিশের এডিসি জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানববন্ধনের জন্য তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। হঠাৎ করে রাস্তায় নেমে তারা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, এটা বেআইনি। এ কারণে তাদের সরিয়ে দেয়া হয়েছে।”
সংবাদপত্রে এই কর্মসূচির খবর দেখে ‘বিশৃঙ্খলার আশঙ্কায়’ পুলিশ আগেই সেখানে অবস্থান নিয়েছিল বলে জানান তিনি।
অন্যদিকে মানববন্ধনে অংশ নিতে আসা এক আশরাফুলভক্ত সাংবাদিকদের বলেন, তারা অনুমতি নেয়ার চেষ্টা করলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এর প্রয়োজন নেই।
“কিন্তু এখানে আসার পর আমাদের দাঁড়াতেই দেয়া হচ্ছে না।”
এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা মাহমুদুল হাসান শুভ সাংবাদিকদের কাছে দাবি করেন, মানববন্ধনে আসা তাদের দুই সঙ্গী পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। তাদের হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলের বিরুদ্ধে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় সব ধরনের ক্রিকেট থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহে আকসুর প্রতিবেদন পাওয়ার পর আশরাফুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
