২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সান্ত্বনার জয়

তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচ হেরে গেলেও ২-১ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বুধবার ট্রেন্টব্রিজে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৭ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৩ বলে ২৫৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গাপটিলের ৩৮ ও লুক রঞ্চির ২২ রানের পরও ১২২ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে নিউজিল্যান্ড।

তারপরও দারুণ একটা চেষ্টা করেছিলেন রস টেইলর (৭১)। দলীয় ২৩৫ রানে নবম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস। ৫১ রানে ৩ উইকেট নিয়ে জেমস ট্রেডওয়েল ইংল্যান্ডের সেরা বোলার। এর আগে শূন্য রানে অধিনায়ক অ্যালিস্টার কুকের বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। জোনাথন ট্রটের (৩৭) সঙ্গে ৬৬ ও জো রুটের (৩৩) সঙ্গে ৮০ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইয়ান বেল (৮২)। সেখান থেকে দলকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যান এউইন মর্গান (৪৯), রবি বোপারা (২৮)। তবে শেষ ১৪ ওভারে ১৩৮ রান সংগ্র্রহে সবচেয়ে বড় অবদান ম্যাচ সেরা জস বাটলারের। ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল ম্যাকক্লেনাগান ৫৪ রানে ৩ উইকেট নেন।