আশরাফুল-কাণ্ডে মাশরাফির হতাশা
মোহাম্মদ আশরাফুলের ম্যাচ পাতানোয় জড়িত থাকার ঘটনায় ভীষণ হতাশ, মর্মাহত জাতীয় দলে তার দীর্ঘ দিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের সেরা পেসার বলেন, “জাতীয় দলে প্রায় একই সময়ে আমাদের ক্যারিয়ার শুরু। আশরাফুলের এক সিরিজ পরেই আমি দলে আসি। এরপর থেকে নিজের পরিবারের সদস্যদের চেয়ে ওর সঙ্গেই বেশি সময় কেটেছে আমার।”
“এই ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করা আমার জন্য ভীষণ কঠিন। আশরাফুলের জন্য আমার মনে বিশেষ একটা জায়গা আছে। তার মতো প্রতিভাবান ক্রিকেটার আমি খুব কম দেখেছি। অনুশীলন এবং ব্যক্তিগত জীবনেও সে খুব গোছালো। সে কী করে এই জালে জড়িয়ে গেল এখনো তা বুঝে উঠতে পারছি না।”
আরেক পেসার মোহাম্মদ শরীফের হতাশা আরো বেশি। প্রায় দেড় যুগ ধরে খুব কাছ থেকে দেখা আশরাফুলকে এমন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়তে দেখে তিনি স্তম্ভিত।
শরীফ বলেন, “প্রায় দেড় যুগ আগে আমার এবং আশরাফুলের একই কোচের (ওয়াহিদুল গণি) কাছে দীক্ষা নেয়া শুরু। ঢাকার ঘরোয়া ক্রিকেটেও আমরা এক ক্লাবে খেলেছি। বলতে পারেন ক্রিকেটে সেই আমার সবচেয়ে কাছের বন্ধু।”
“ওর সঙ্গে আমি অনেক বিষয়ে ‘শেয়ার’ করতাম। কিন্তু কখন যে ও এই পথে পা বাড়াল তা বুঝতেই পারছি না। তবে আমি এখনো আশরাফুলকে দোষী মনে করি না। সে যে এমন কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না।”
“গতকাল (মঙ্গলবার) টিভিতে দেখলাম ও নিজেই দোষ স্বীকার করেছে। ওর সরলতা আমাকে সব সময়ই মুগ্ধ করে। সব কিছু কত সহজ ভাবে স্বীকার করল। বিসিবির সাময়িক নিষেধাজ্ঞার শাস্তির কথা শোনার পর থেকেই আমার মনটা ভীষণ খারাপ।”
