অস্ট্রেলিয়ার ৬৫ রানের লজ্জা
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ভারতের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে ২৪৩ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৮ রান করে ভারত। জবাবে ২৩ ওভার ৩ বলে ৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় চ্যাম্পিয়ন্স ট্রফির গত দুবারের চ্যাম্পিয়নরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিশাল হার এড়াতে পারেনি তারা।
অ্যাডাম ভোজেস (২৩) ও ফিল হিউজ (১৪) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।
১৮ রানে ৫ উইকেট নেয়া উমেশ যাদবই মূল ‘হন্তারক’। ইশান্ত শর্মা ৩ উইকেট নেন ১১ রানে।
এর আগে ৫৫ রানে ৫ উইকেট হারানো ভারতের শুরুটা ভালো হয়নি। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দীনেশ কার্তিকের ২১১ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।
দলীয় ২৬৬ রানে ধোনি (৯১) বিদায় নিলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে অপরাজিত থাকেন কার্তিক। তার ১৪০ বলের ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা।
৬ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
