বিপিএল বন্ধের পরিকল্পনা নেই বিসিবির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বন্ধের কোনো পরিকল্পনা নেই তাদের।
দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, “যে সব দেশে ক্রিকেট হয় তার প্রায় প্রত্যেকটিতেই স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং আলোচিত বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটও এই কলঙ্ক থেকে মুক্ত নয়। তাই বলে তো ক্রিকেট বন্ধ করে দেয়া যাবে না। বিপিএল বন্ধের কোনো পরিকল্পনা এখনো নেই আমাদের।”
“কোনো মালিক পক্ষ ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকলে তার বিপিএলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ থাকবে না। আমরা ব্যাপারটা এড়িয়ে যেতে চাই না, বরং মোকাবিলা করতে চাই। আমাদের এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন কোনো ক্রিকেটার ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত না হয়।”
নাজমুল হাসান আরো বলেন, “১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে আকসুকে অভিযোগ তদন্তে নিয়োগ দেয়া হয়। উদ্দেশ্য ছিল ক্রিকেটকে দুর্নীতি ও কলঙ্কমুক্ত করা। আকসুর কাজে আমি সন্তুষ্ট। আকসু দক্ষ এবং এ ধরনের দায়িত্ব পালনের ক্ষমতা তাদের ভালো মতোই আছে। আর তাই আমরা তাদের শরণাপন্ন হয়েছি। এই কাজ আমরা কখনোই করতে পারতাম না। সত্যি বলতে কি, আমাদের পক্ষে তা সম্ভবও না।”
বিপিএলের ফাইনালের পরদিন আকসু টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ ও ক্রিকেটারসহ কয়েক জনের আচরণে সন্দেহ প্রকাশ করে। তদন্ত চালানোর জন্য সেদিনই আকসুর সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিসিবি।
এ বছরের ১৫ জানুয়ারি ‘অ্যান্টি করাপশন কোড’ বা দুর্নীতি বিরোধী নীতিমালা চালু করে বিসিবি। এ প্রসঙ্গে নাজমুল হাসান জানান, “এই নীতিমালা চালু করার ফলে ক্রিকেটে যে কোনো ধরনের অনিয়ম বন্ধের সুযোগ তৈরি হয়েছে। নীতিমালা চালুর পর ১১২ জন ক্রিকেটার ও ‘সাপোর্ট সার্ভিস’-এর সঙ্গে যুক্তদের প্রশিক্ষণ দেয় আকসু।”
“প্রথম বিপিএলে প্রমাণসহ একজন বাজিকরকে ধরে পুলিশে দেয়া হয়েছিল। কিন্তু পরে আর সেই বাজিকরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে বিসিবির কাছে প্রতিবেদন চেয়েছে আইসিসি, কিন্তু এখনো তা দেয়া যায় নি।”
