২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিনের মধ্যে প্রতিবেদন

সাত দিনের মধ্যে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

দেশের ক্রিকেটে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিসিবি সভাপতি বলেন, “পরশু (শনিবার) আকসুর সঙ্গে আমার কথা হয়েছে। ওরা বলেছে ৫/৬ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে। আমি ধরে রেখেছি সাত দিনের মধ্যে প্রতিবেদন পেয়ে যাব। ওরা আংশিক তথ্য জানাতে চেয়েছিল, আমি পুরোটা এক সঙ্গেই জানতে চেয়েছি।”

“ওদের আর তিনটি সাক্ষাৎকার বাকি ছিল। রোববার দুজনের সঙ্গে তাদের কথা হয়েছে। শেষ একটা বাকি ছিল, তিনি দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। গতকালই তার সঙ্গে কথা হয়ে যাওয়ার কথা। তার কথায় নতুন কিছু এলে প্রতিবেদন পেতে আরেকটু বেশি সময় লাগতে পারে,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “দেশবাসী অত্যন্ত উদগ্রীব এবং উৎকণ্ঠায় আছেন। কি ঘটনা, কারা দায়ী সবাই জানতে চান। আকসুর সঙ্গে চুক্তির ধারা অনুযায়ী নিশ্চিত প্রমাণ পাওয়ার আগে আমাদের কিছু বলার উপায় নেই। সত্য জানতে আমিও আপনাদের মতো উদগ্রীব।”

আকসুর সঙ্গে বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তের চুক্তি করেছিল বিসিবি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের ব্যাপার ওঠে আসায় বিষয়টি এখন আর বিসিবির একার নয়, ক্রিকেটের নীতি নির্ধারণী সংস্থা আইসিসিও এতে যুক্ত হয়ে গেছে।

নাজমুল হাসান বলেন, “আন্তর্জাতিক কিছু ম্যাচ নিয়েও অভিযোগ এসেছে তদন্তে। তাই এতে আইসিসিও যুক্ত হয়েছে। আইসিসির ম্যাচগুলো ওরাই তদন্ত করবে। দুর্নীতিকে কোনো ছাড় না দেয়া আইসিসি এটাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে।”

জনসম্মুখে প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “প্রতিবেদন পাওয়ার পর আইসিসির সঙ্গে যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করবো। এখানে রাখঢাকের কোনো ব্যাপার নেই।”

“আইসিসি শিগগির আলাদা পূর্ণ তদন্ত শুরু করবে। ইতোমধ্যে আকসুর সঙ্গে আইসিসি সভাপতির বৈঠক হয়েছে। তবে ঐ প্রতিবেদন এখানে যুক্ত হবে কি না তা এখনো জানি না।”

নাজমুল হাসান বলেন, “আপনাদের অনুরোধ করব আর কয়েকটা দিন অপেক্ষা করুন। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কি হবে তা আপনাদের জানা।”

গত শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান আকসুর কর্মকর্তারা। বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের জন্য গত আড়াই মাসে এটা তাদের চতুর্থ বাংলাদেশ সফর।

আগের সফরে কয়েক জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার কোনো ক্রিকেটারকেই ডাকেননি আকসুর কর্মকর্তারা। তবে রোববার বিপিএলে দুই আসরেরই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীর ছেলে এবং দলটি ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন তারা।