পাকিস্তানের জয় ৬ উইকেটে
পেসারদের দাপটে সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে সহজেই ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে নাসির জামশেদ দ্রুত বিদায় নিলেও ইমরান ফারহাত (৫৬) ও মোহাম্মদ হাফিজের ৮৫ রানের জুটি দলকে ২ উইকেটে ১৫০ রানের শক্ত ভিতের দাঁড় করায়। অর্ধশতকে পৌঁছানোর পর স্বেচ্ছায় অবসর নেন হাফিজ (৫৪*)।
এরপর আসাদ শফিক (১৭) দ্রুত বিদায় নিলেও দলের সহজ সজয় নিশ্চিত করেন মিসবাহ-উল-হক (২৪*) ও উমর আমিন (২৭*)।
এর আগে পাকিস্তানের পেসারদের তোপে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলের রান দুশ পেরুনোয় বড় ভূমিকা রায়ান ম্যাকলারেন (৫৫) ও জেপি ডুমিনির (৪৩)। অষ্টম উইকেটে ৯৪ রানের চমৎকার জুটি গড়েন তারা।
পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ও আসাদ আলী তিনটি করে উইকেট নেন।
৬ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান।
