গাপটিলের ব্যাটে সিরিজ নিউজিল্যান্ডের
প্রথম ম্যাচে অপরাজিত ১০৩-এর পর দ্বিতীয়টিতে অপরাজিত ১৮৯ রানের অবিশ্বাস্য ইনিংস। মার্টিন গাপটিলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
তৃতীয় ও শেষ ওয়ানডে হবে বুধবার ট্রেন্টব্রিজে।
রোববার সাউথহ্যাম্পটনের রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৫৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৪ ওভার ১ বলে ২৭৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
১২ রানে লুক রঞ্চির বিদায়ে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। কেন উইলিয়ামসনের (৫৫) সঙ্গে ১২০ ও রস টেইলের (৬০) সঙ্গে ১০৯ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান গাপটিল।
চতুর্থ উইকেটে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (১৯ বলে ৪০*) সঙ্গে গাপটিলের ৫০ বলে অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটির সুবাদে সাড়ে তিনশ পেরুয় নিউজিল্যান্ড।
ব্যক্তিগত ১৩ রানে জোনাথন ট্রটের হাতে জীবন পাওয়া গাপটিল শুরুতে বেশ সতর্ক ছিলেন। অর্ধশতকে পৌঁছান ৬১ বলে, শতকে পৌঁছাতে খেলেন আরো ৫০ বল।
দৃঢ় ভিত কাজে লাগিয়ে শেষ ১০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এতে বড় অবদান ম্যাচ সেরা গাপটিলের, শেষ ৪৪ বলে তিনি করেন ৮৯ রান। ১৮৯ থাকা গাপটিলের ১৫৫ বলের ইনিংসে ১৯টি চার ও ২টি ছক্কা।
ওয়ানডেতে এটি পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস, নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেন লু ভিনসেন্ট।
ওয়ানডেতে দ্বি-শতক রয়েছে বীরেন্দর শেবাগ (২১৯) ও শচীন টেন্ডুলকারের (২০০*)। ১৯৪ রানের দুটি ইনিংস খেলেছেন চার্লস কভেন্ট্রি ও সাঈদ আনোয়ার। ১৮৯ রান করে আছে ভিভিয়ান রিচার্ডস ও সনাৎ জয়াসুরিয়ারি। গাপটিলের মতো স্যার ভিভও অপরাজিত ছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ান বেলের (২৫) সঙ্গে অ্যালিস্টার কুকের (৩৪) ৫০ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো শুরুই এনে দিয়েছিল। কিন্তু ৮ ওভার স্থায়ী এই জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যে ধারে কাছে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড।
রঞ্চি স্ট্যাম্পিংয়ের সহজতম সুযোগ নষ্ট করায় ব্যক্তিগত ১৪ রানে জীবন পাওয়া ট্রট একাই যা লড়াই করেছেন। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১০৪ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে মিচেল ম্যাকক্লেনাগান নিউজিল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৫৯/৩ (গাপটিল ১৮৯*, রঞ্চি ২, উইলিয়ামসন ৫৫, টেইলর ৬০, ব্রেন্ডন ম্যাককালাম ৪০*; অ্যান্ডাসন ২/৬৫, সোয়ান ১/৬১)
ইংল্যান্ড: ৪৪ ওভার ১ বলে ২৭৩ (কুক ৩৪, বেল ২৫, ট্রট ১০৯*, রুট ২৮, মর্গান ২১, বাটলার ২, ওকস ১৩, ব্রেসনান ০, সোয়ান ১, অ্যান্ডারসন ২৮, ডের্নবাখ ২; ম্যাকগ্লেনাগান ৩/৩৫, উইলিয়ামসন ২/২৫, ইলিয়ট ১/১৩, নাথান ম্যাককালাম ১/৪৭, মিলস ১/৫৫, ব্রেসওয়েল ১/৫৫)
