২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ, মর্মাহত মাশরাফির আহ্বান

বাংলাদেশের ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় ভীষণ হতাশ মাশরাফি বিন মুর্তজা। সব ক্রিকেটারকে ‘অসৎ’ হিসাবে ধরে না নিয়ে পুরো ব্যাপারটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের প্রথম আসরে স্পট ফিক্সিং নিয়ে প্রথম ‘বোমা’ ফাটান মাশরাফিই। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে-সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেন তিনি।

দ্বিতীয় বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংসের সন্দেহজনক ম্যাচটিতে মাশরাফি খেলেননি। তার বদলে গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুলকে নিয়ে এখন সবচেয়ে বেশি হৈ-চৈ।

সব কিছু মিলিয়ে মাশরাফি মর্মাহত। তিনি বলেন, “সাধারণ মানুষ আমাদের এখন ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করেছে। সপরিবারে বের হলেও বিরুপ মন্তব্য শুনতে হয়। সেদিন মিরপুরে আসার পথে আমার এ ধরনের অভিজ্ঞতা হয়েছে।”

জাতীয় দলে মাশরাফির সতীর্থ অলরাউন্ডার নাসির হোসেনের তো ‘ফিক্সিং’ বা পাতানো শব্দটা উচ্চারণ করতেই আপত্তি। তিনি বলেন, “ফিক্সিং নিয়ে আমি কিছু বলতে চাই না। কী হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা নিয়েও মাথা ঘামানোর সময় নেই। এর জন্য বিসিবি রয়েছে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।”