২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষীদের শাস্তি দেয়ার অঙ্গীকার বিসিবি সভাপতির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) তদন্ত করছে। শুক্রবার এক বিবৃতিতে বিসিবি সভাপতি বলেন, “সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমার নজরে এসেছে। এখন তদন্ত চলছে। তদন্তের কাজে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আপাতত এ ব্যাপারে আমাদের কিছু বলার উপায় নেই। তদন্ত শেষে প্রতিবেদন পেলে আমরা দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবো। তবে এটা বলতে পারি, বিসিবি দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম ছাড় দেবে না এবং দোষী প্রমাণিত ব্যক্তিকেও ছাড় দেয়া হবে না।” নাজমুল হাসান আরো বলেন, “বিতর্কের জন্য বিপিএল থেকে ভুল খুঁজে বের করা খুব সহজ। অনেকেই এই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আমার মনে হচ্ছে একটু তাড়াতাড়ি তারা অনেক কিছু ভেবে ফেলছেন। বিপিএল বিসিবির একটি সম্ভাবনাময় সম্পদ। কোনো দুর্বলতা থাকলে সবাই এক সঙ্গে কাজ করে এটাকে একটা শক্তিশালী টুর্নামেন্ট হিসাবে গড়ে তোলা হবে।” এর আগে গুলশানে তার বাসা আইভি টাওয়ারে বিসিবি সভাপতি জানান, “আকসুর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা বিসিবির আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবো। এরপর বোর্ড সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।” ম্যাচ পাতানোর সঙ্গে কয়েক জন সাবেক ক্রিকেটারের নাম জড়িয়ে পড়ায় নাজমুল হাসান ভীষণ হতাশ। তবে বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকার তার কণ্ঠে। তিনি বলেন, “বোর্ডের আগের কমিটির অনেক কিছুই এখন আমাকে বহন করতে হচ্ছে। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার সময় বলেছিলাম, কখনোই অন্যায়ের সঙ্গে আপোস করবো না। আজও তাই বলছি। বোর্ডের জঞ্জাল দূর করতে একদমই দ্বিধা করবো না।”