২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজনের অভিযোগ অস্বীকার

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত কিংবা কোনো বাজিকরের সঙ্গে পরিচয় থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

তিনি বলেন, “দীর্ঘ ক্রিকেট-জীবনে কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। এই ঘটনায় আমার নাম যুক্ত হওয়ায় ভীষণ অবাক হয়েছি। কোনো বাজিকরের সঙ্গে কখনোই আমার পরিচয় হয়নি কিংবা আশরাফুল বা অন্য কাউকে তাদের কারো সঙ্গে পরিচয়ও করিয়ে দেইনি।” বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে চট্টগ্রাম কিংসের কোচের দায়িত্ব নেয়ার জন্য টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান সুজন। সাবেক এই অলরাউন্ডার বলেন, “দ্রুত তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই আমি।” তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও এখনই কোনো আইনি ব্যবস্থা নেয়ার ইচ্ছা নেই সুজনের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্তে তার নাম এলেই শুধু আইনের আশ্রয় নেয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আশরাফুল নাকি দাবি করেছেন, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকের সঙ্গে সুজনও তাকে এক বাজিকরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর সেই বাজিকরের প্রস্তাবে সাড়া দিয়ে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হতে বেশ কয়েক বার রাজিও হয়েছিলেন আশরাফুল। তবে এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যাচার’ হিসাবে অভিহিত করে সুজন বলেন, “আশরাফুল জেনে-শুনে এমন মন্তব্য করলে আমি বলবো সে ভুল করেছে। এমন বিতর্কিত ঘটনার সঙ্গে জড়ানোর কথা আমার পরিবারের কোনো সদস্য কিংবা কোনো শুভানুধ্যায়ী বিশ্বাস করবেন না।”