অভিযোগ অস্বীকার আসাদ রউফের
পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফ তার বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
সদ্য সমাপ্ত আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রউফকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ভারত থেকে দেশে ফেরার পর বুধবার দেয়া বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে ৫৭ বছর বয়সী রউফ বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং, উপহার নেয়া (বাজিকরদের কাছ থেকে) এবং অসৎ পথে অর্থ উপার্জনের সব অভিযোগ অস্বীকার করছি।”
“আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট চাইলে আমি যে কোনো তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত।”
ভারতের গণমাধ্যমের দাবী, আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া বলিউড অভিনেতা বিন্দু দারা সিংয়ের সঙ্গে রউফের যোগাযোগ ছিল।
