২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের জয়

হেডিংলিতে দ্বিতীয় ও শেষ টেস্টেও নিউজিল্যান্ডকে সহজেই ২৪৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজে স্বাগতিকদের জয় তাই ২-০ ব্যবধানে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 May 2013, 05:25 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪ উইকেট, আর নিউজিল্যান্ডের ৩১০ রান। অতিথি ব্যাটসম্যানরা বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেননি। তবে বৃষ্টির কারণে চা-বিরতির কাছাকাছি সময় পর্যন্ত জয়ের অপেক্ষায় থাকতে হয়েছে ইংল্যান্ডকে।

৬ উইকেটে ১৫৮ রান নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের আশা শুরুতেই শেষ করে দেন স্টুয়ার্ট ব্রড, ব্রেন্ডন ম্যাককালামের ফিরতি ক্যাচ নিয়ে। শূন্য রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের অধিনায়ক এক রানের বেশি করতে পারেননি।

চতুর্থ দিন শেষে ৪ রানে অপরাজিত টিম সাউদি অবশ্য ভালোই প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৪৭ রান করে গ্রায়েম সোয়ানের বলে স্লিপে জোনাথন ট্রটকে ক্যাচ দেন তিনি।

ডগ ব্রেসওয়েলকে (১৯) ইয়ান বেলের ক্যাচে পরিণত করে তৃতীয় বারের মতো ম্যাচে ১০ উইকেট নেন সোয়ান। প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৯০ রানের বিনিময়ে ইংল্যান্ডের কুশলী অফস্পিনারের শিকার ৬টি। এটা তার পঞ্চদশ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। ম্যাচ সেরা নির্বাচিত সোয়ানের টেস্ট-জীবনের সেরা বোলিংও হেডিংলিতেই।

প্রথম ইনিংসে শেষ উইকেটে মাত্র ৪ ওভার ৩ বলে ৫২ রানের জুটি গড়েছিলেন নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। ওয়াগনার করেছিলেন ১৫ বলে ২৭ রান, আর বোল্ট ১৫ বলেই ২৪ রান করে অপরাজিত ছিলেন।

কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ের সম্পূর্ণ বিপরীত চিত্র। দুজনে মিলে ৮ ওভার কাটিয়ে দিলেও রান করতে পারেননি একটিও!
৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থেকে যান ওয়াগনার। আর মুখোমুখি হওয়া ২৪তম বলে বোল্ট ক্যাচ দেন উইকেটরক্ষক ম্যাট প্রায়রকে। বোল্টকে ফিরিয়েই ইংল্যান্ডের অপেক্ষার অবসান ঘটান জেমস অ্যান্ডারসন।


সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৫৪ (রুট ১০৪, বেয়ারস্টো ৬৪; বোল্ট ৫/৫৭, সাউদি ২/৭৬) ও ২৮৭/৫ ডিক্লে. (কুক ১৩০, কম্পটন ৭, ট্রট ৭৬, বেল ৬, রুট ২৮, বেয়ারস্টো ২৬*, প্রায়র ৪*; উইলিয়ামসন ৩/৬৮, ওয়াগনার ২/৬৭)

নিউজিল্যান্ড: ১৭৪ (ফুলটন ২৮, রাদারফোর্ড ২৭; সোয়ান ৪/৪২, ফিন ৩/৩৬) ও ২২০ (ফুলটন ৫, রাদারফোর্ড ৪২, উইলিয়ামসন ৩, টেইলর ৭০, ব্রাউনলি ২৫, গাপটিল ৩, ম্যাককালাম ১, সাউদি ৩৮, ব্রেসওয়েল ১৯, ওয়াগনার ০*, বোল্ট ০; সোয়ান ৬/৯০, ব্রড ২/২৬, অ্যান্ডারসন ১/২৮, ফিন ১/৬২)।