২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদৃঢ় অবস্থানে ইংল্যান্ড

হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের রাশ ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১১৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা সব মিলিয়ে ২৯৬ রানে এগিয়ে আছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 May 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

২৫তম শতকের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ৮৮ রানে ও জোনাথন ট্রট ১১ রানে ব্যাট করছেন।

প্রথম দিনের পুরো খেলা পরিত্যক্ত হওয়ায় প্রতিপক্ষকে ফলো-অন করাতে ১৫০ রানের লিড নিতে পারলেই চলতো স্বাগতিকদের। গ্রায়েম সোয়ান ও স্টিভেন ফিনের মারাত্মক বোলিংয়ে ১৮০ রানের লিড নিলেও ফলো-অন করানোর পথে হাঁটেননি কুক।

অফস্পিনার সোয়ান ৪২ রানে নেন চার উইকেট। এর মধ্যে তিনটি আসে ৭ বলের ব্যবধানে। ৩৬ রানের বিনিময়ে পেসার ফিনের শিকার তিনটি।

লর্ডসে গত সপ্তাহে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ১৭০ রানে হেরে যাওয়া অতিথি দলের ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ হয়েছেন।

পিটার ফুলটন (২৮) ও হামিশ রাদারফোর্ডের (২৭) উদ্বোধনী জুটিতে ৫৫ রান উঠলেও ১৭৪ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। নেইল ওয়াগনার (২৭) ও ট্রেন্ট বোল্ট (অপরাজিত ২৪) শেষ জুটিতে ৫২ রান করতে না পারলে অতিথিদের অবস্থা আরো খারাপ হতো।

এর আগে ৭ উইকেটে ৩৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার বোল্ট। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৫৪ (রুট ১০৪, বেয়ারস্টো ৬৪; বোল্ট ৫/৫৭, সাউদি ২/৭৬) ও ১১৬/১ (কুক ৮৮*, কম্পটন ৭, ট্রট ১১*; উইলিয়ামসন ১/৩২)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৪ (ফুলটন ২৮, রাদারফোর্ড ২৭, উইলিয়ামসন ১৩, টেইলর ৬, ব্রাউনলি ২, গাপটিল ১, ম্যাককালাম ২০, সাউদি ১৯, ব্রেসওয়েল ১, ওয়াগনার ২৭, বোল্ট ২৪*; সোয়ান ৪/৪২, ফিন ৩/৩৬, ব্রড ২/৫৭, অ্যান্ডারসন ১/৩৪)