২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানকে হারিয়ে শীর্ষে মুম্বাই

আইপিএলে বুধবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

১৫ খেলায় ২২ পয়েন্ট নিয়ে রান রেটে চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলেছে মুম্বাই। সমান খেলায় ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রাজস্থান। তিন দলই শেষ চার নিশ্চিত করেছে এবং প্রত্যেকের একটি করে খেলা বাকি।

চতুর্থ স্থানের লড়াইয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। ১৫ খেলায় ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৬। ১৪ খেলায় হায়দ্রাবাদের পয়েন্ট ১৬ এবং সমান খেলায় পাঞ্জাবের পয়েন্ট ১২। ব্যাঙ্গালোরের একটি এবং হায়দ্রাবাদ ও পাঞ্জাবের দুটি করে খেলা বাকি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান করে মুম্বাই। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে রাজস্থান। ৫৮ রানে শেন ওয়াটসনও বিদায় নিলে বিপদ আরো বাড়ে। এরপরও চেষ্টা করেছিলেন স্টুয়ার্ট বিন্নি (২৯ বলে ৩৭*) ও ব্র্যাড হজ।

দলীয় ১৪৪ রানে হজ (২৭ বলে ৩৯) বিদায় নিলে আর পরে উঠেনি রাজস্থান।

মুম্বাইয়ের পক্ষে ধাওয়াল কুলকার্নি ও মিচেল জনসন দুটি করে উইকেট নেন।

এর আগে আদিত্য তারের ৩৭ বলে ৫৯ রানের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের ২৩ ও দীনেশ কার্তিকের ২১ রান মুম্বাইকে লড়াই করার মত সংগ্রহ এনে দেয়। সম্পূর্ণ ফিট না হওয়ায় খেলেননি শচীন টেন্ডুলকার।

রাজস্থানের পক্ষে ওয়াটসন ও জেমস ফকনার দুটি করে উইকেট নেন।