২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা নাইট রাইডার্সের বিদায়

পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার কাছে ৭ রানে হেরে আইপিএলের শেষ চারে ওঠার ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

১৫ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করা কলকাতা আপাতত সপ্তম স্থানে আছে। তাদের আর একটি মাত্র ম্যাচ বাকি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুনের অবস্থান সবার নিচে।

রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭০ রান করে পুনে। জবাবে ৭ উইকেটে ১৬৩ রানে থেমে যায় কলকাতার ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া কলকাতাকে কক্ষপথে ফেরান ইউসুফ পাঠান ও রায়ান টেন ডোসকাটে (৩০ বলে ৪২)। ডোসকাটের রান আউটে ৯৮ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর কলকাতার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ইউসুফ।

কিন্তু দলীয় ১৪৮ রানে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ অর্থাৎ ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষকে বাধা দিয়ে ইউসুফ বিদায় নিলে কলকাতা আর পেরে ওঠেনি।

ওয়েইন পার্নেলের বলে রান নেয়ার আশায় ইউসুফ দৌড় শুরু করলেও অন্য প্রান্তে থাকা দেবব্রত পাল সাড়া দেননি। রান আউট থেকে বাঁচতে পা দিয়ে বল সরিয়ে দেন ইউসুফ। তাই ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

৪৪ বলে ৭২ রান করা ইউসুফের আক্রমণাত্মক ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা। এবারের আইপিএলে এটাই তার প্রথম অর্ধশতক।

এর আগে মনীষ পান্ডের ৪৭ বলে ৬৬ রানের সঙ্গে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৪৮, যুবরাজ সিংয়ের ৩০ ও রবিন উথাপ্পার ২৫ রান লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় পুনেকে।