২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে শেষ চারে চেন্নাই

কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩৩ রানে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএলের শেষ চারে উত্তরণ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

১৫ খেলায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেন্নাই। ১৪ খেলায় ২০ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস।

১৫ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে চারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এক ম্যাচ কম খেলে রান রেটে পিছিয়ে পাঁচে সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাই ও ব্যাঙ্গালোরের একটি করে এবং মুম্বাই, রাজস্থান ও হায়দ্রাবাদের দুটি করে খেলা রয়েছে।

১৪ খেলায় ১২ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় ছয় ও সাতে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রান করে চেন্নাই।

মাইক হাসির (২৬ বলে ২৬) সঙ্গে মুরালি বিজয়ের (২৩ বলে ৩১) ৬১ রানের উদ্বোধনী জুটি চেন্নাইকে ভালো সূচনা এনে দেয়।

চেন্নাইকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৫৮*)। তার ৩৫ বলের ইনিংসটি ৪টি ছক্কা ও ২টি চার সমৃদ্ধ। টুর্নামেন্টে এটি ধোনির তৃতীয় অর্ধশতক। এ পর্যন্ত ৩৭.৪০ গড় ও ১৬৪.০৩ স্ট্রাইক রেটে ৩৭৪ রান করেছেন তিনি।

অর্ধশতকে পৌঁছানোর পথে রবীন্দ্র জাদেজার (১৭ বলে ২৪) সঙ্গে ৫৭ ও ডোয়াইন ব্রাভোর (৮ বলে ১২*) ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ধোনি।

দিল্লির পক্ষে উমেশ যাদব ২৬ রানে ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস।

৬৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দিল্লি পরে আর খেলায় ফিরতে পারেনি। সর্বোচ্চ ৪৪ রান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। জোহান বোথার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।

৩২ রানে ৩ উইকেট নিয়ে অ্যালবি মরকেল চেন্নাইয়ের সেরা বোলার। ব্রাভো, রবিচন্দ্রন অশ্বিন ও মোহিত শর্মা দুটি করে উইকেট নেন।

১৪ খেলায় এটি দিল্লির ১১তম হার।