২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হারে বিপদে ব্যাঙ্গালোর

কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে আইপিএলে শেষ চারে ওঠার পথ আরো কঠিন করে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

১৪ খেলায় এটা পাঞ্জাবের ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে তারা। আর ১৫ খেলায় এটা ব্যাঙ্গালোরের সপ্তম হার। এক ম্যাচ কম খেলা সানরাইজার্স হায়দ্রাবাদকে রোন রেটে পেছনে ফেলে এখনো চার নম্বরে ব্যাঙ্গালোর।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৪ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানে শন মার্শ (৮) বিদায় নিলেও আজহার মেহমুদের সঙ্গে অ্যাডাম গিলক্রিস্টের ১১৮ রানের জুটি পাঞ্জাবকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ১৪২ রানে বিদায় নেয়ার আগে ৪১ বলে ৬১ রান করে মেহমুদ।

এরপর ডেভিড মিলার (২) দ্রুত বিদায় নিলেও অধিনায়ক গিলক্রিস্টের ১০টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ অপরজিত ৮৫ রানের ইনিংস ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় অতিথিদের।

এর আগে দ্বিতীয় উইকেটে ৮৬ বলে বিরাট কোহলির (৪৩ বলে ৫৭) সঙ্গে ক্রিস গেইলের (৫৩ বলে ৭৭) ১৩৬ রানের জুটি ব্যাঙ্গালোরকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। কিন্তু উনিশতম ওভারের তৃতীয় বলে গেইলের বিদায়ের পর স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগোয়নি।

৩৯ রানে ৩ উইকেট নিয়ে পারভিন্দর আওয়ানা পাঞ্জাবের সেরা বোলার। এছাড়া মেহমুদ ২ উইকেট নেন ২৪ রানে।