জিম্বাবুয়ে থেকে হতাশা নিয়ে ফেরা
শেষ ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে সফর ভালো কাটেনি জাতীয় ক্রিকেট দলের। হতাশা নিয়ে মঙ্গলবার বিকালে জিম্বাবুয়ে থেকে ফিরছে বাংলাদেশ দল।
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে মুশফিকুর রহিমের দলকে। ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর মুশফিকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিরাট ধাক্কা ছিল।
তবে রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জেতার পর মুশফিক সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আবেগাক্রান্ত হয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে দায়িত্বে এনেছে বিসিবি। তাদের সঙ্গে আলোচনা না করে দায়িত্ব ছেড়ে দিতে পারি না। দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে বাংলাদেশ দলের কোনো খেলা নেই।
