মুম্বাইয়ের অষ্টম জয়
আইপিএলে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬৫ রানে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
১২ খেলায় অষ্টম এই জয়ে শেষ চারে যাওয়ার স্বপ্ন আরেকটু উজ্জল হয়েছে মুম্বাইয়ের। আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে তারা। আর সমান খেলায় এটি কলকাতার অষ্টম হার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭০ রান করে মুম্বাই। জবাবে ১৮ ওভার ২ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় কলকাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাক ক্যালিসের ২৪ রানের পরও ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে কলকাতা।
এরপর দেব্রবত পাল (২৩) ছাড়া শেষ সাত ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে না পারায় আর খেলায় ফিরতে পারেনি অতিথিরা।
২৭ রানে ৩ উইকেট নিয়ে হরভজন সিং মুম্বাইয়ের সেরা বোলার।
এর আগে শচীনে টেন্ডুলকারের সঙ্গে ডোয়াইন স্মিথের (৫৩ বলে ৪৭) ৯৩ রানের জুটি মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়। ১৩তম ওভারের শেষ বলে টেন্ডুলকার (২৮ বলে ৪৮) রজত ভাটিয়ার বলে বোল্ড হলে ভাঙ্গে বিপজ্জনক জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দীনেশ কার্তিক (১৮ বলে ৩৪*) দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
